best news portal development company in india

কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে ইস্তফা রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টুর, নজরে এবার পঞ্জাব ভোট

SHARE:

কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে পদত্যাগ করলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু। শুক্রবার তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন। রাষ্ট্রপতি ভবনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবিধানের ৭৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

রভনীত সিং বিট্টু ২০২৪ সালের অগস্ট মাসে রাজস্থান থেকে বিজেপির রাজ্যসভার সদস্য হিসেবে সংসদে আসেন। কংগ্রেস নেতা কে সি বেণুগোপালের শূন্য হওয়া আসনে তাঁকে মনোনীত করা হয়েছিল। এরপরই তিনি কেন্দ্রীয় মন্ত্রীসভায় রেল প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তবে চলতি বছরের ২১ জুন তাঁর রাজ্যসভার সদস্যপদের মেয়াদ শেষ হয়ে যায়।

রাজনৈতিক মহলের একাংশের মতে, বিট্টুর এই পদত্যাগের নেপথ্যে রয়েছে আগামী বছরের পঞ্জাব বিধানসভা নির্বাচন। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রিত্বের দায়িত্ব থেকে সরে গিয়ে তিনি এবার পুরোপুরি পঞ্জাবের সাংগঠনিক কাজ এবং নির্বাচনী প্রস্তুতিতে মন দিতে চান।

পদত্যাগের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ধন্যবাদ জানিয়েছেন রভনীত সিং বিট্টু। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ দেওয়ার জন্য তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ২০২৭ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে। বিজেপি স্পষ্ট জানিয়েছে, এবার তারা শিরোমণি আকালি দলের সঙ্গে জোটে না গিয়ে একাই নির্বাচনী লড়াইয়ে নামবে। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে ১১৭টির মধ্যে মাত্র ২টি আসনে জয় পেয়েছিল বিজেপি। অন্যদিকে, ৯২টি আসন জিতে সরকার গঠন করেছিল আম আদমি পার্টি। সেই পরিস্থিতিতে পঞ্জাবে সংগঠন শক্তিশালী করাই এখন বিজেপির অন্যতম প্রধান লক্ষ্য বলে মনে করছে রাজনৈতিক মহল।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *