রাজধানীতে ছাত্র আন্দোলন এখনও অব্যাহত। শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনকারীরা অনড়, সরকারের সঙ্গে একাধিক দফা বৈঠক হলেও এখনও কোনও সমাধানসূত্র মেলেনি। এই আবহেই টানা দ্বিতীয় রাতেও সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সরাসরি দেশের যুবসমাজ, বিশেষ করে জেন-জি প্রজন্মকে ধন্যবাদ জানালেন তিনি।
প্রধানমন্ত্রী সাধারণত নিজের বক্তব্যের শুরুতে ‘মিত্রো’ সম্বোধন ব্যবহার করেন। তবে সাম্প্রতিক ভিডিওগুলিতে সেই পরিচিত ভঙ্গি বদলে নতুন প্রজন্মের ভাষায় ‘ফ্রেন্ডস’ বলে সম্বোধন করছেন তিনি। বৃহস্পতিবার গভীর রাতে প্রথম ভিডিও পোস্ট করার পর শুক্রবার রাতেও ফের একটি ভিডিও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সেখানে আগের ভিডিওতে পাওয়া প্রতিক্রিয়া এবং পরামর্শের জন্য যুবসমাজের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “থ্যাঙ্ক ইউ, ফ্রেন্ডস। গতকাল রাতে আপনাদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পেয়েছিলাম। আমার ভিডিওতে যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ইতিবাচক পরামর্শ দিয়েছেন, তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করবে। থ্যাঙ্ক ইউ, ফ্রেন্ডস।”
প্রধানমন্ত্রীর এই ভিডিও পোস্ট হওয়ার পর মুহূর্তের মধ্যেই তা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে। অল্প সময়ের মধ্যেই লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি দেখেন এবং বিভিন্ন প্ল্যাটফর্মে তা শেয়ার করতে শুরু করেন। বিশেষ করে ইনস্টাগ্রামে ভিডিওটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।
সরকারি সূত্রের দাবি, বর্তমান প্রজন্মের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতেই সোশ্যাল মিডিয়াকে আরও বেশি গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে জানতে চান, তাঁরা কতটা সক্রিয়ভাবে ইনস্টাগ্রাম-সহ বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার করছেন। পাশাপাশি যুবসমাজের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে এবং সরকারি কাজের বার্তা পৌঁছে দিতে এই প্ল্যাটফর্মগুলিকে আরও কার্যকরভাবে ব্যবহার করার পরামর্শও দেন তিনি।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







