best news portal development company in india

ছাত্র আন্দোলনে সমর্থনের পর বিজেপি বিধায়কের নিশানায় অরিজিৎ সিং, জিয়াগঞ্জে বিক্ষোভের হুঁশিয়ারি

SHARE:

ছাত্র আন্দোলনের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় সরব হওয়ার পর এবার বিজেপি বিধায়কের কড়া সমালোচনার মুখে পড়লেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র নেতৃত্বে চলা ছাত্র আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানানোর পর তাঁকে বয়কটের ডাক দেন জঙ্গিপুরের বিজেপি বিধায়ক চিত্ত মুখোপাধ্যায়। এমনকি অরিজিৎ জিয়াগঞ্জে ফিরলে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখানোরও আহ্বান জানান তিনি।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে নিজের মতামত প্রকাশ করতে দেখা গিয়েছে অরিজিৎ সিংকে। আর জি কর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদের গান লেখার পর এবার দিল্লিতে ছাত্রদের আন্দোলনের পাশেও দাঁড়ান তিনি। সেই অবস্থানকে ঘিরেই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

ফেসবুকে করা এক পোস্টে বিজেপি বিধায়ক চিত্ত মুখোপাধ্যায় লেখেন, “অরিজিৎ সিং জিয়াগঞ্জে ফিরলেই বিক্ষোভ দেখানো উচিত এবং ওকে বয়কট করা উচিত। ওখানে রাষ্ট্রবাদী মানুষের সংখ্যা কম।” তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। বহু অনুরাগী বিধায়কের সমালোচনা করেন। কেউ কেউ কড়া ভাষায় আক্রমণও করেন তাঁকে।

এর জবাবে চিত্ত মুখোপাধ্যায় ফের একটি পোস্ট করে লেখেন, “যারা এতক্ষণ ধরে জঘন্য ভাষায় নিজ নিজ সংস্কার ও বংশ পরিচয় দিলেন, তাদের কোনও কথাই গ্রহণ করলাম না। কোনও ভারতবিরোধী ছাড়া ওই অসভ্যতা কোনও ভদ্রলোক সমর্থন করতে পারে না।”

প্রসঙ্গত, গত সোমবার CJP-র নেতৃত্বে আয়োজিত ‘সংসদ অভিযান’ ঘিরে দিল্লিতে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করে। সেই ঘটনার একাধিক ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর দেশজুড়ে বিতর্ক শুরু হয়। ছাত্রদের প্রতি সমর্থন জানিয়ে সরব হন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিও।

এই ঘটনার পর নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পরপর একাধিক পোস্ট করেন অরিজিৎ সিং। দিল্লি পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করে তিনি লেখেন, “বাহ! উর্দির আড়ালে গুণ্ডার মতো আচরণ।” অন্য একটি পোস্টে তিনি প্রশ্ন তোলেন, “এবার তো ছাত্রছাত্রীদেরও মারধর করা হচ্ছে। দিল্লি পুলিশের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি কোনও লজ্জা নেই? আর এই নেতামন্ত্রীরা কি নিজেদেরই ভগবান ভাবতে শুরু করেছেন? কী চলছে এসব!”

শেষ পোস্টে ‘হর হর মহাদেব’ ধ্বনি তুলে অরিজিৎ লেখেন, “সব মনে রাখা হবে। ভুলে যাবেন না, পরিবর্তনই একমাত্র ধ্রুব সত্য।”

অরিজিতের এই মন্তব্য যেমন সমর্থন কুড়িয়েছে, তেমনই রাজনৈতিক মহলে নতুন বিতর্কেরও জন্ম দিয়েছে।:::

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *