best news portal development company in india

নিট প্রশ্নফাঁস বিতর্কের মাঝেই বড় রদবদল, শিক্ষা সচিবের পদ থেকে সরানো হল বিনীত যোশীকে

SHARE:

নিট প্রশ্নফাঁস এবং শিক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগকে ঘিরে যখন দেশজুড়ে বিক্ষোভ চলছে, ঠিক সেই সময়েই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে বড় প্রশাসনিক রদবদল করল কেন্দ্র সরকার। শিক্ষা সচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হল বিনীত যোশীকে। তাঁর জায়গায় নতুন শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পেলেন নরেশ গাঙ্গোয়ার। বৃহস্পতিবার গভীর রাতে এই বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়।

চলতি বছরের জানুয়ারিতে উচ্চশিক্ষা দফতরের সচিব হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ১৯৯২ ব্যাচের আইএএস অফিসার বিনীত যোশী। নতুন নির্দেশ অনুযায়ী, তাঁকে পঞ্চায়েতি রাজ মন্ত্রকে বদলি করা হয়েছে। একইসঙ্গে স্কুল শিক্ষা দফতরের সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে টি. কে. অনিল কুমারকে, যিনি এতদিন গ্রামোন্নয়ন দফতরের সচিব ছিলেন।

বিনীত যোশীর প্রশাসনিক অভিজ্ঞতা দীর্ঘদিনের। কানপুর আইআইটির প্রাক্তনী যোশী একসময় সিবিএসই-র সচিব, শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত সচিব এবং মণিপুরের মুখ্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া, পরীক্ষা পরিচালনাকারী সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র প্রথম ডিরেক্টর জেনারেলের দায়িত্বও সামলেছিলেন তিনি।

অন্যদিকে, নতুন শিক্ষা সচিব নরেশ গাঙ্গোয়ার ১৯৯৪ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার। সম্প্রতি তিনি মৎস্য মন্ত্রকের অধীন অ্যানিম্যাল হাজব্যান্ড্রি বিভাগের সচিব ছিলেন। এর আগে রাজস্থানের স্কুল শিক্ষা দফতরের সচিব হিসেবে কাজ করেছেন। ২০২০ সালে কেন্দ্রীয় প্রশাসনে সচিব পদে যোগ দেওয়ার আগে পরিবেশ মন্ত্রকে যুগ্ম সচিবের দায়িত্বও সামলেছেন।

গত কয়েকদিন ধরে নিট প্রশ্নফাঁস এবং শিক্ষা সংক্রান্ত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দিল্লিসহ দেশের বিভিন্ন প্রান্তে ছাত্রদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। আন্দোলনে বিরোধী রাজনৈতিক দলগুলিও সক্রিয়ভাবে অংশ নিয়েছে। এই পরিস্থিতির মধ্যেই শিক্ষা মন্ত্রকে এই রদবদলকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিকে বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, শিক্ষা ব্যবস্থায় অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ করা হবে। প্রধানমন্ত্রীর আশ্বাসের পর আন্দোলনকারী সমাজকর্মী সোনম ওয়াংচুক তাঁর অনশন প্রত্যাহারের ঘোষণা করেছেন।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *