দিল্লিতে চলা আন্দোলনের আবহ এবার কলকাতাতেও ছড়িয়ে পড়তে চলেছে। ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র তরফে কলকাতায় প্রতিবাদ মিছিলের অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন করা হয়েছে। তবে এখনও পর্যন্ত পুলিশের তরফে কোনও উত্তর না মেলায় অনিশ্চয়তা তৈরি হয়েছে কর্মসূচি ঘিরে। অন্যদিকে, এই মিছিল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের একাংশ আন্দোলনের অধিকারের পক্ষে সওয়াল করলেও বিজেপি স্পষ্ট জানিয়েছে, আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এমন কোনও পরিস্থিতি বরদাস্ত করা হবে না।
নিট প্রশ্নফাঁস, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর-মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছে CJP। এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুকও। দীর্ঘদিন ধরে অনশন এবং বিক্ষোভ কর্মসূচি চললেও সরকারের সঙ্গে বৈঠকে এখনও কোনও সমাধানসূত্র বের হয়নি। ইতিমধ্যেই দিল্লিতে বিভিন্ন রাজনৈতিক দল, সমাজকর্মী এবং বিশিষ্ট ব্যক্তিরাও এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন।
এরই ধারাবাহিকতায় কলকাতায়ও মিছিলের আয়োজন করতে চায় সংগঠনটি। CJP-র সদস্য পরিচয় দিয়ে দেদীপ্য গঙ্গোপাধ্যায় কলকাতা পুলিশের কাছে অনুমতির আবেদন করেছেন। তাঁর দাবি, ২৪ তারিখ কলেজ স্ট্রিট থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করার পরিকল্পনা রয়েছে এবং প্রায় দেড় হাজার মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। তবে একাধিকবার ই-মেল পাঠিয়েও এখনও পুলিশের কাছ থেকে কোনও জবাব মেলেনি বলে অভিযোগ করেছেন তিনি।
এই ইস্যুতে আন্দোলনের অধিকারের পক্ষে সওয়াল করেছেন তৃণমূলের বেলেঘাটা বিধায়ক কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, “কলকাতা পুলিশের মিছিলের অনুমতি দেওয়া উচিত। এর সঙ্গে ছাত্রদের স্বার্থ জড়িত। গোটা দেশে, বিশেষ করে দিল্লিতে যখন প্রতিবাদ হচ্ছে, তখন কলকাতায় অনুমতি না দেওয়ার কোনও কারণ দেখি না। শান্তিপূর্ণ প্রতিবাদ করা গণতান্ত্রিক অধিকার।”
অন্যদিকে বিজেপির বক্তব্য, শান্তিপূর্ণ প্রতিবাদে আপত্তি না থাকলেও আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এমন কোনও পরিস্থিতি সরকার মেনে নেবে না। ফলে CJP-র প্রস্তাবিত মিছিলকে ঘিরে রাজনৈতিক বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







