২১ জুলাইয়ের শহীদ দিবসের সভাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে হেস্টিংস থানায় মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ক্যাথিড্রাল রোডের একটি লেন সব সময় খোলা রাখার কথা ছিল। কিন্তু সভায় প্রত্যাশার তুলনায় অনেক বেশি কর্মী-সমর্থক উপস্থিত হওয়ায় শেষ পর্যন্ত রাস্তার দু’টি লেনই বন্ধ রাখতে হয়। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কীভাবে এই পরিস্থিতি তৈরি হল, সেই প্রশ্ন তুলে সভার আহ্বায়ক ও আয়োজকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ বছর ধরে ২১ জুলাই উপলক্ষে তৃণমূলের কর্মসূচি বড় আকারে আয়োজন করা হলেও এবার সভা করার অনুমতি নিতে আগে থেকেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয় দলকে। সম্ভাব্য উপস্থিতির সংখ্যা জানিয়ে আবেদন করার পর বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ বিড়লা তারামণ্ডলের সামনে নির্দিষ্ট শর্তসাপেক্ষে সভার অনুমতি দেয়। আদালত জানিয়েছিল, প্রায় আড়াই হাজার মানুষের উপস্থিতিতে নির্দিষ্ট সময়ের মধ্যে সভা করতে হবে এবং কোনওভাবেই রাস্তা সম্পূর্ণ বন্ধ করা যাবে না।
প্রাথমিকভাবে সেই নির্দেশ মেনেই সভা শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলা ও কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক সভাস্থলে পৌঁছতে থাকেন। এর ফলে ক্যাথিড্রাল রোডে যান চলাচল ব্যাহত হয় এবং শেষ পর্যন্ত দু’টি লেনই বন্ধ রাখতে হয় বলে পুলিশের দাবি।
প্রসঙ্গত, অতীতেও ২১ জুলাইয়ের কর্মসূচিকে ঘিরে শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। বড় সংখ্যায় কর্মী-সমর্থকদের সমাগমের কারণে সাধারণ মানুষ ও নিত্যযাত্রীদের ভোগান্তির অভিযোগও বারবার সামনে এসেছে। এবার সেই প্রেক্ষাপটেই আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে আইনি পদক্ষেপ করা হয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







