best news portal development company in india

১৬ বছর পর দেশে ফিরছেন ললিত মোদি, আইনি স্বস্তির পর ভারতে ফেরার ঘোষণা আইপিএল প্রতিষ্ঠাতার

SHARE:

দীর্ঘ ১৬ বছর পর ভারতে ফিরতে চলেছেন আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি। আর্থিক অনিয়মের অভিযোগে দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর সাম্প্রতিক আইনি স্বস্তির জেরেই তাঁর দেশে ফেরার সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

২০০৯ সালের আইপিএলকে কেন্দ্র করে তৎকালীন কমিশনার ললিত মোদির বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযোগ ছিল, ২০০৯ সালে আইপিএল ভারত থেকে দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নিয়ে যাওয়ার সময় বিদেশি সংস্থাগুলিকে অর্থ প্রদান এবং বৈদেশিক মুদ্রা লেনদেনে বিদেশি মুদ্রা ব্যবস্থাপনা আইন (ফেমা) লঙ্ঘন করা হয়েছে।

ইডির দাবি ছিল, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে রিজার্ভ ব্যাঙ্কের অনুমতি ছাড়াই অন্তত ২৪৩ কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছিল। এই ঘটনায় ললিত মোদির পাশাপাশি তৎকালীন বোর্ড সভাপতি এন. শ্রীনিবাস-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল তদন্তকারী সংস্থা।

তবে মামলার শুনানিতে ট্রাইব্যুনাল ইডির একাধিক অভিযোগ ও শাস্তির সুপারিশ খারিজ করে দেয়। এর ফলে দীর্ঘদিনের আইনি লড়াইয়ে বড় স্বস্তি পান ললিত মোদি। সেই রায়ের পরই ১৬ বছর পর ভারতে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আইনি লড়াইয়ে স্বস্তি পাওয়ার পর ললিত মোদি বলেন, “গত ১৬ বছর ধরে আমি একই কথা বলে এসেছি। ভারতীয় ক্রিকেট এবং আইপিএলের স্বার্থেই কাজ করেছি, কোনও অন্যায় করিনি। শেষ পর্যন্ত সময়ই সত্যিটা প্রমাণ করল। ১৬ বছর পর অবশেষে বিচার সম্পন্ন হয়েছে।”

উল্লেখ্য, ২০১০ সালে ভারত ছাড়ার পর থেকে লন্ডনেই বসবাস করছিলেন ললিত মোদি। তাঁর দেশে ফেরাকে ঘিরে ইতিমধ্যেই ক্রিকেট ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *