বর্ধমান শহরের নবাবহাটে এক বেসরকারি নার্সিংহোমে প্রসবের সময় ২৩ বছর বয়সী গৃহবধূ রিজিয়া খাতুনের রহস্যজনক মৃত্যুতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতি ও তথ্য গোপনের কারণেই এই অকাল মৃত্যু ঘটেছে। সুস্থ অবস্থায় ভর্তি হলেও অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর থেকেই কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। মৃতার মায়ের অভিযোগ, অপারেশন চলাকালীন কোনো তথ্যই তাঁদের জানানো হয়নি। এই ঘটনার জেরে ক্ষুব্ধ জনতা নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্ধমান থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং নার্সিংহোমের মালিকসহ তিন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে নার্সিংহোম কর্তৃপক্ষ দাবি করেছে, সিজারিয়ান অপারেশনের সময় রোগীর খিঁচুনি শুরু হয় এবং পরবর্তীকালে জটিল শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল, সেখানেই তাঁর মৃত্যু হয়। তবে পরিবারের দাবি, চিকিৎসার নামে এখানে শুধুই মুনাফার কারবার চলে। চিকিৎসায় গাফিলতি না কি প্রসূতির শারীরিক জটিলতা—তা খতিয়ে দেখার জন্য বর্ধমান থানার পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে পরিবার অনড় থাকায় এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বজায় রয়েছে।


Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







