দশমীর দিন প্রতিমা বিসর্জনের আবহে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে সন্দেহভাজন একটি গাড়িকে ঘিরে ছড়াল আতঙ্ক। ২১ অক্টোবর যশোর রোডের ধারে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা সাদা রঙের গাড়িটি দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। গাড়িতে তল্লাশি চালাতেই রাসায়নিক পদার্থের প্যাকেট উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারাসত জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, কেন্দ্রীয় বাহিনী, বোম স্কোয়াড এবং এনআইএ-র আধিকারিকেরা।
পুলিশ সূত্রে খবর, গাড়ি থেকে হলুদ রঙের ছ’টি প্যাকেট এবং সাদা রঙের একটি প্যাকেট উদ্ধার করা হয়েছে। বেঙ্গল এসটিএফ, এনআইএ ও এনএসজি-র যৌথ তল্লাশিতে স্পেন্টার এবং অ্যামোনিয়াম নাইট্রেটের মতো পদার্থ পাওয়ার কথাও জানা গিয়েছে। ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
প্রাথমিকভাবে উদ্ধার হওয়া পদার্থগুলি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক নয় বলে সূত্রের দাবি। তবে সেগুলির প্রকৃত পরিচয় ও বিপজ্জনক হওয়ার মাত্রা নিশ্চিত করতে রাসায়নিক নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। শক্তিশালী বিস্ফোরকের প্রমাণ না মেলায় এনআইএ ও এনএসজি-র আধিকারিকেরা ঘটনাস্থল ছেড়েছেন বলে খবর।
এই ঘটনায় দত্তপুকুর থানায় মামলা রুজু হয়েছে। গাড়িতে রাসায়নিকগুলি কীভাবে এল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যবসার কাজে বাংলাদেশে যাতায়াতের প্রসঙ্গও তদন্তে খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। তবে উদ্ধার হওয়া পদার্থের প্রকৃতি ও ঘটনার সঙ্গে জড়িতদের ভূমিকা ফরেন্সিক রিপোর্ট এবং তদন্তের পরই স্পষ্ট হবে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







