দিল্লিতে রাজনৈতিক বিক্ষোভ ও আন্দোলনের আবহে গণতন্ত্র নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার রাজধানীতে ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারত বিশ্বের গণতন্ত্রের জননী। তাঁর দাবি, দেশে বিভিন্ন মতাদর্শ, দৃষ্টিভঙ্গি ও বিতর্কের মধ্য দিয়েই গণতান্ত্রিক পরিবেশ আরও শক্তিশালী হয়েছে।
ভারতের ভাষা, সংবাদমাধ্যম ও ডিজিটাল পরিসরের বৈচিত্র্যের কথা তুলে ধরে মোদি বলেন, দেশে ১০০টিরও বেশি ভাষা, প্রায় ৮০ হাজার নিবন্ধিত সংবাদপত্র ও প্রকাশনা এবং এক হাজারেরও বেশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল রয়েছে। পাশাপাশি, সমাজমাধ্যমের যুগে বিপুল সংখ্যক মানুষ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করছেন। প্রধানমন্ত্রীর মতে, খোলামেলা আলোচনা এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গির সহাবস্থান ভারতের গণতান্ত্রিক শক্তির অন্যতম বৈশিষ্ট্য।
সরকারের ভূমিকা নিয়েও নিজের মত প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, সরকারের হাতে ক্ষমতা থাকলেও নাগরিকদের ব্যবস্থার উপর নির্ভরশীল করে তোলা তার উদ্দেশ্য হওয়া উচিত নয়। বরং নাগরিকদের আরও শক্তিশালী করে তোলাই সরকারের লক্ষ্য হওয়া প্রয়োজন। ডিজিটাল শক্তি এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন তিনি।
মোদি আরও বলেন, জ্ঞান, সম্পদ ও ক্ষমতার প্রকৃত মূল্য নির্ভর করে সেগুলি কী উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে তার উপর। ভারতের দীর্ঘ ঐতিহ্যও এই শিক্ষাই দেয় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দিল্লিতে রাজনৈতিক বিক্ষোভের আবহে তাঁর এই বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







