একসময় বাংলার ঐতিহ্যবাহী বিনোদনের অন্যতম মাধ্যম ছিল জাদু বা ম্যাজিক। বংশ পরম্পরায় এই শিল্পের চর্চা চললেও বর্তমানে তা ক্রমশ হারিয়ে যেতে বসেছে। এবার সেই শিল্পকে নতুন করে বাঁচিয়ে তুলতে উদ্যোগী রাজ্য সরকার। শহরে গড়ে তোলা হবে ‘ওয়েস্ট বেঙ্গল স্কুল অফ ম্যাজিক, ইলিউশন অ্যান্ড পারফর্মিং আর্টস’। এখানে জাদু শেখানো, গবেষণা, প্রদর্শনী এবং ঐতিহ্য সংরক্ষণের ব্যবস্থা থাকবে।
নবান্ন সূত্রে খবর, প্রস্তাবিত প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ক্যাম্পাসে থাকবে জাদুশিল্পের অ্যাকাডেমি, প্রদর্শনীর জন্য থিয়েটার হল, সংগ্রহশালা, আর্কাইভ ও গবেষণাগার। পাশাপাশি জাদুর সরঞ্জাম ও পোশাক তৈরির কর্মশালা এবং শিল্পীদের থাকার ব্যবস্থাও রাখার পরিকল্পনা রয়েছে।
প্রকল্পের রূপরেখা তৈরি ও পরিচালনার বিষয়ে পরামর্শ দিতে একটি রাজ্য উপদেষ্টা কমিটি গঠন করা হচ্ছে। পি সি সরকার পরিবারের প্রতিনিধি হিসেবে জয়শ্রী সরকার ও মানেকা সরকার-সহ বিশিষ্ট জাদুকর এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা এই কমিটিতে থাকবেন। তালিকায় রয়েছেন জাদুকর তন্ময় অধিকারী, শৈলেশ্বর মুখোপাধ্যায়, পঙ্কজ সরকার, শ্যামল কুমার ও অনিন্দ্য কিশোর।
পরিকল্পনা অনুযায়ী, আগামী তিন বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে জমি চিহ্নিতকরণ, ক্যাম্পাসের নকশা তৈরি, প্রশিক্ষণের পাঠ্যক্রম নির্ধারণ এবং শিক্ষক নিয়োগের কাজ করা হবে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনে একটি স্বশাসিত সংস্থা হিসেবে প্রতিষ্ঠানটি পরিচালনার পরিকল্পনা রয়েছে। রাজ্য সরকারের বরাদ্দের পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্প, অনুদান, স্পনসরশিপ এবং টিকিট বিক্রির আয় থেকেও অর্থ সংগ্রহের কথা ভাবা হচ্ছে।
রাজ্য সরকারের মতে, মোবাইল ও ডিজিটাল বিনোদনের যুগে হারিয়ে যেতে বসা জাদুশিল্পকে নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে আনাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে প্রশিক্ষণ, প্রদর্শনী ও গবেষণার মাধ্যমে শিল্পীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির আশাও করা হচ্ছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







