শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দ্বিতীয়াতেই কলকাতার একাধিক মণ্ডপের উদ্বোধন হয়েছে, তৃতীয়ায় উদ্বোধন হচ্ছে আরও বেশ কিছু পুজোর। আজ মুখ্যমন্ত্রীর মেগা উদ্বোধনী অনুষ্ঠান ঘিরেও রয়েছে বাড়তি উন্মাদনা। এদিকে পুজোর ভিড় সামলাতে তৃতীয়া থেকেই শহরের রাস্তায় বাড়তি পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করেছে লালবাজার। বুধবার চতুর্থীর বিকেল থেকে পূর্ণমাত্রায় রাস্তায় নামবেন পুলিশকর্মীরা।
লালবাজার সূত্রে খবর, এ বছর কলকাতায় পুজোর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৯৮১টি। এর মধ্যে সবচেয়ে বেশি পুজো হচ্ছে যাদবপুর ডিভিশনে, মোট ৬৮৫টি। বেহালা ডিভিশনে রয়েছে ৫৯৮টি পুজো। এছাড়া পূর্ব কলকাতায় ৩৩৫, উত্তর কলকাতায় ৩১২, দক্ষিণ কলকাতায় ২৫৮, দক্ষিণ-পূর্ব কলকাতায় ২০৮, ইস্ট ডিভিশনে ১৯৩, ভাঙড়ে ১৪৮, বন্দর এলাকায় ১১৬ এবং মধ্য কলকাতায় ১২৮টি পুজো হচ্ছে।
কলেজ স্কোয়ার, মহম্মদ আলি পার্ক, সন্তোষ মিত্র স্কোয়ার ও অ্যালেন পার্কের মতো বড় মণ্ডপগুলিতে থাকছে বিশেষ পুলিশি ব্যবস্থা। গুরুত্বপূর্ণ মণ্ডপের কাছে বসানো হচ্ছে পুলিশ পিকেট। ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি দর্শনার্থীরা যাতে সহজে এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে যেতে পারেন, সেদিকেও নজর রাখা হবে। বিকেল চারটে থেকে পুলিশকর্তারা বাহিনী নিয়ে রাস্তায় নামবেন। তাঁদের সঙ্গে থাকবেন প্রায় ২০ হাজার স্বেচ্ছাসেবক।
শুধু সন্ধ্যার ভিড় নয়, দিনের বেলাতেও বড় মণ্ডপগুলিতে দর্শনার্থীদের চাপ সামলাতে প্রস্তুতি নিচ্ছে পুলিশ। সেই কারণে শহরের ২৭টি মণ্ডপে দিনের বেলায়ও পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। আগামী ২১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বিসর্জন পর্ব চলার কথা। উৎসবের দিনগুলিতে যান চলাচল স্বাভাবিক রাখা এবং নিরাপদে দর্শনার্থীদের যাতায়াত নিশ্চিত করাই এখন লালবাজারের প্রধান লক্ষ্য।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







