পুজোর পরেই কলকাতা পুরনিগম-সহ একাধিক পুরসভায় নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। তার আগেই প্রার্থী বাছাইয়ে নতুন উদ্যোগ নিল বিজেপি। রবিবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, আগ্রহীরা কলকাতার ৬ নম্বর মুরলীধর সেনের বিজেপি কার্যালয়ে রাখা ড্রপবক্সে নিজেদের নাম ও বায়োডাটা জমা দিতে পারবেন। এই সুযোগ শুধু দলীয় কর্মীদের জন্য নয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রের আগ্রহী ব্যক্তিরাও আবেদন করতে পারবেন।
সুকান্তর বক্তব্য, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তি, সংশ্লিষ্ট ওয়ার্ডে গ্রহণযোগ্যতা এবং প্রশাসনিক দক্ষতাকে গুরুত্ব দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক, আইনজীবী, ইঞ্জিনিয়ার ও সমাজসেবীদের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর কথায়, গ্যালারিতে বসে সমালোচনা না করে শহরের উন্নয়নে সবাইকে মাঠে নেমে কাজ করতে হবে।
পুরসভাকে স্বচ্ছ ও জনমুখী করে তোলার বার্তাও দিয়েছেন বিজেপি নেতা। তাঁর দাবি, কোনও প্রোমোটার বা ডেভেলপারের হাতে পুরনিগমের পরিচালন ব্যবস্থা তুলে দেওয়া হবে না। যুবসমাজের সঙ্গে ওয়ার্ডভিত্তিক আলোচনা করে শহরের উন্নয়নের পরিকল্পনা তৈরির কথাও জানিয়েছেন তিনি।
এদিন সুকান্ত তৃণমূল ও সিপিএমকেও নিশানা করেন। তবে ড্রপবক্সে বায়োডাটা জমা দিলেই প্রার্থী হওয়া নিশ্চিত নয়। আবেদনকারীদের যোগ্যতা ও গ্রহণযোগ্যতা খতিয়ে দেখে দলীয় নেতৃত্বই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আপাতত পুরভোটের আগে নতুন মুখ খোঁজার এই উদ্যোগকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







