রানীগঞ্জের জে কে নগর কোলিয়ারি সংলগ্ন নিমচা ফাঁড়ি এলাকায় বালকোর কোয়ার্টার থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার রাতে ঘটনাটি প্রকাশ্যে আসে। ঘরের ভিতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছিল বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে স্বামীর থেকে পৃথক ওই মহিলা কোয়ার্টারে একাই থাকতেন। তাঁর ছেলে-মেয়েরা কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিমচা ফাঁড়ি ও রানীগঞ্জ থানার পুলিশ। পরে সেখানে যান আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরাও। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার ডা. প্রণব কুমার, ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল-২ বিমান কুমার মৃধা-সহ অন্যান্য আধিকারিকরা।
পুলিশ কোয়ার্টারটি ঘিরে রেখে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘরের পরিস্থিতি এবং দেহে পাওয়া চিহ্নের ভিত্তিতে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু নয় বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। খুন নাকি অন্য কোনও কারণে মৃত্যু, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







