বারাবনি থানার উদ্যোগে আসন্ন দুর্গাপুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বুধবার আয়োজিত হল সমন্বয় কমিটির বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক অরিজিৎ রায়, থানার ওসি দিব্যেন্দু মুখার্জী, বারাবনি ব্লক আধিকারিক সৌমেন পাল-সহ বিদ্যুৎ, আবগারি ও স্বাস্থ্য দফতরের আধিকারিক এবং বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তারা।
বৈঠকে প্রশাসন ও পুজো কমিটিগুলির মধ্যে সমন্বয় বজায় রাখার পাশাপাশি সরকারি নির্দেশিকা মেনে পুজো আয়োজনের বার্তা দেওয়া হয়। নিরাপত্তা, বিদ্যুৎ পরিষেবা ও অন্যান্য প্রশাসনিক বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়েছে।
পাশাপাশি গ্রামাঞ্চলে চোলাই মদ তৈরি ও পরিবহনের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার কথা জানায় পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকেও বেআইনি চোলাই মদ তৈরি ও পরিবহন থেকে বিরত থাকার বার্তা দেওয়া হয়।
বিধায়ক অরিজিৎ রায় বলেন, সরকারি নিয়ম মেনেই পুজো করতে হবে। প্রশাসন ও পুজো কমিটিগুলির পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উৎসবের দিনগুলিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করা হবে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







