রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই ফের বড় হামলা। ইউক্রেনের সুমি অঞ্চলে রুশ ড্রোন হামলায় ভারতীয় সংস্থা কুসুম গ্রুপের ওষুধ কারখানার মূল কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় এক কর্মীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও কয়েকজন। হামলার পর কারখানা চত্বর থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।
কুসুম গ্রুপ ১৯৯৪ সালে ইউক্রেনে ভারতীয় ওষুধ সরবরাহের ব্যবসা দিয়ে যাত্রা শুরু করে। পরে ওষুধ উৎপাদনে যায় সংস্থাটি। ২০০৯ সালে ইউক্রেনের সুমিতে তাদের কারখানা চালু হয়। বর্তমানে সংস্থাটি ৫০টিরও বেশি ওষুধ তৈরি করে এবং একাধিক দেশে সেগুলি বাজারজাত করে।
রুশ ড্রোন হামলায় কারখানাটির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে প্রায় ৪০০ কোটি টাকা বা তার বেশি বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় একজন কর্মীর মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছেন। ক্ষয়ক্ষতির জেরে উৎপাদন কার্যক্রমও গুরুতরভাবে ব্যাহত হয়েছে।
ইউক্রেনের সুমি অঞ্চলে সাম্প্রতিক সময়ে একাধিক রুশ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলাকে কেন্দ্র করে ভারতীয় মালিকানাধীন একটি ওষুধ উৎপাদন কেন্দ্রও যুদ্ধের সরাসরি প্রভাবে পড়ল।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







