পশ্চিম মেদিনীপুরের শালবনি এলাকায় পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নবনির্বাচিত সদস্য তথা আইনজীবী শামিম আহমেদের উপর হামলার অভিযোগ ঘিরে সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, রাজনৈতিক হিংসায় ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েছিলেন শামিম-সহ একদল আইনজীবী। ফেরার পথে তাঁদের উপর হামলা হয়।
সমাজমাধ্যমে মমতা দাবি করেন, হামলার পর শামিমকে অভিযোগের বয়ান পরিবর্তনের জন্য চাপ দেওয়া হয়েছিল। তাঁর আরও দাবি, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপের পর শামিম নিরাপদে বাড়ি ফিরতে সক্ষম হন।
একই সঙ্গে ব্যাঙ্কশাল ও বারুইপুর আদালতে আইনজীবীদের উপর সাম্প্রতিক হামলার ঘটনাও নিন্দা করেন মমতা। তাঁর বক্তব্য, রাজনৈতিক মতাদর্শ যাই হোক, প্রত্যেক আইনজীবীর ভয়মুক্ত পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের অধিকার রয়েছে এবং রাজ্যে আইনের শাসন বজায় রাখতে হবে।
ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মমতা। তবে বিজেপির স্থানীয় নেতৃত্ব এই হামলায় দলের কোনও ভূমিকা থাকার অভিযোগ অস্বীকার করেছে। ফলে হামলার নেপথ্যে কারা ছিল, তা তদন্তসাপেক্ষ।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







