আসানসোল শহরে যানজট নিয়ন্ত্রণে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় ইতিমধ্যেই একমুখী যান চলাচল ব্যবস্থা চালু হয়েছে। পাশাপাশি জিটি রোডে টোটো চলাচলেও নিষেধাজ্ঞা রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যারিকেড দিয়ে টোটো ও অন্যান্য যানবাহন নিয়ন্ত্রণ করছে প্রশাসন।
এই রুট পরিবর্তনের জেরে সমস্যায় পড়েছিলেন আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকার বানপুরের টোটো চালকেরা। তাঁদের সমস্যার কথা রাজ্যের মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের কাছে জানানো হয়। এরপর ট্রাফিক বিভাগের আধিকারিক এবং আসানসোল পৌর নিগমের কমিশনারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন তিনি।
আলোচনার পর টোটো চলাচলের জন্য নির্দিষ্ট কয়েকটি পথ চিহ্নিত করে নতুন রুট ম্যাপ তৈরি করা হয়। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সেই রুট ম্যাপ প্রকাশ করা হয়েছে। নতুন রুট অনুযায়ী, বানপুর থেকে BNR মোড়, ভগৎ সিং মোড়, আসানসোল রেলওয়ে স্টেশন, বাসস্ট্যান্ড-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় নির্দিষ্ট পথ ধরে টোটো চলাচল করবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রান্তে এই রুট ম্যাপ লাগানো হবে। এর ফলে টোটো চালকেরা নির্দিষ্ট রুট সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন এবং শহরের যান চলাচলও আরও নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করা সম্ভব হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক যশেশ্বর অভিনাশ ভীমরাও, আসানসোল পৌর নিগমের নতুন কমিশনার দিলীপ মিশ্র-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







