মাটিগাড়া: স্বাস্থ্য সচেতনতা ও সুঅভ্যাস গড়ে তোলার লক্ষ্য নিয়ে ‘সেবা সংকল্প অভিযান’-এর আওতায় আজ অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ যোগ প্রশিক্ষণ পর্ব। মাটিগাড়া ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত ঠাকুর পঞ্চানন বর্মা ভবনে এই প্রাণবন্ত যোগ সেশনের আয়োজন করা হয়। সকাল থেকেই অনুষ্ঠানকে কেন্দ্র করে অংশগ্রহণকারীদের মধ্যে উপচে পড়া উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।এদিনের এই বিশেষ প্রশিক্ষণ পর্বটি পরিচালিত হয় এলাকার অত্যন্ত পরিচিত ও গুণী যোগ শিক্ষিকা শ্রীমতী সুস্মিতা দাস ঘোষের প্রত্যক্ষ তত্ত্বাবধানে। তাঁর সুনিপুণ নির্দেশনায় অনুষ্ঠানে উপস্থিত প্রায় ৬০ জন প্রতিযোগী একসাথে বিভিন্ন ধরনের শরীরচর্চা ও যোগাসনে অংশ নেন। দৈনন্দিন ব্যস্ততার মাঝে কীভাবে যোগাসনের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা সম্ভব, সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন প্রশিক্ষক।
উপস্থিত সকলের সার্বিক স্বাস্থ্যোন্নতি, মানসিক প্রশান্তি এবং একটি ইতিবাচক জীবনশৈলী গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ এক নবজোয়ার তৈরি করেছে। আয়োজকদের মতে, নিয়মিত যোগচর্চা কেবল শরীর সুস্থ রাখে না, বরং দৈনন্দিন কাজের ক্লান্তি দূর করে ইতিবাচক শক্তি সঞ্চার করে। এই ধরনের সামাজিক ও স্বাস্থ্যবান্ধব উদ্যোগ আগামী দিনে আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানান উদ্যোক্তারা। সম্পূর্ণ অনুষ্ঠানটি সফল করতে অংশগ্রহণকারী ও সংগঠকদের ভূমিকা ছিল প্রশংসনীয়।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







