best news portal development company in india

ত্রিকোণ প্রেমের জেরে নিউটাউনের শপিংমলে রক্তারক্তি, বচসার পর ছুরিকাঘাতে গুরুতর জখম দুই কলেজ পড়ুয়া

SHARE:

নিউটাউনের ডাউন টাউন মলে চাঞ্চল্যকর ঘটনা। দুই কলেজ পড়ুয়ার মধ্যে বচসার জেরে ছুরিকাঘাতে গুরুতর জখম হলেন এক ছাত্র ও এক ছাত্রী। বৃহস্পতিবার দুপুরের এই ঘটনাকে কেন্দ্র করে শপিংমল চত্বরে আতঙ্ক ছড়ায়। আহত দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি কলেজের কয়েকজন পড়ুয়া শপিংমলে বসে পানীয় ও কফি খাচ্ছিলেন। তাঁদের সঙ্গে এক ছাত্রীও ছিলেন। সেই সময় কোনও বিষয়কে কেন্দ্র করে বন্ধুদের মধ্যে বচসা শুরু হয়। প্রাথমিক তদন্তে ঘটনাটির নেপথ্যে প্রেমঘটিত কারণ থাকতে পারে বলে অনুমান পুলিশের। তবে ঘটনার প্রকৃত কারণ এখনও তদন্তসাপেক্ষ।

অভিযোগ, বচসার মধ্যেই এক ছাত্র ব্যাগ থেকে ছুরি বের করে তাঁর এক বন্ধুর গলায় ও শরীরের একাধিক জায়গায় আঘাত করেন। ওই ছাত্রকে বাঁচাতে এগিয়ে এলে এক ছাত্রীকেও পেটে ছুরি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। ঘটনায় দু’জনই গুরুতর জখম হন।

শপিংমলের নিরাপত্তারক্ষী ও উপস্থিত লোকজন অভিযুক্ত ছাত্রকে আটকে রাখেন এবং টেকনো সিটি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর শপিংমল এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কীভাবে শপিংমলের ভিতরে ছুরি নিয়ে প্রবেশ করা হল, বচসার সূত্রপাত কীভাবে এবং হামলার পিছনে ঠিক কী কারণ রয়েছে—সব দিক খতিয়ে দেখছে টেকনো সিটি থানার পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। তবে প্রেমঘটিত কারণের বিষয়টি এখনও প্রাথমিক তদন্তের পর্যায়ে রয়েছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *