রেজিনগর উপনির্বাচনে বড় সিদ্ধান্ত আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের। ছেলে তথা দলের প্রার্থী গোলাম নবী আজাদ রবিনের হয়ে আর মাঠে-ময়দানে নির্বাচনী প্রচার করবেন না তিনি। তাঁর অভিযোগ, একের পর এক দলীয় কর্মীকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে। এই পরিস্থিতিতে প্রচারে নামলে আইনি জটিলতা তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন হুমায়ুন।
তাঁর দাবি, রেজিনগর ও শক্তিপুর থানার পুলিশ ইতিমধ্যেই দলের চার নেতাকে গ্রেফতার করেছে। পুলিশি পদক্ষেপের প্রতিবাদে প্রচার থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একইসঙ্গে মুর্শিদাবাদ জেলা পুলিশের একাধিক আধিকারিকের বিরুদ্ধে নিরপেক্ষভাবে কাজ না করার অভিযোগও তুলেছেন হুমায়ুন। যদিও গ্রেফতারির ক্ষেত্রে পুলিশ নির্দিষ্ট অভিযোগের কথা জানিয়েছে।
প্রথমে নিজে প্রচার থেকে সরে দাঁড়ানোর কথা জানালেও পরে দলের প্রার্থী রবিনও মাঠে-ময়দানে প্রচার করবেন না বলে জানান হুমায়ুন। তবে আগামী কয়েক দিন সমাজমাধ্যমের মাধ্যমে দলের প্রচার চলবে বলে জানিয়েছেন তিনি।
বাবার সিদ্ধান্তকে সমর্থন করেছেন প্রার্থী গোলাম নবী আজাদ রবিনও। তাঁর বক্তব্য, দলের স্বার্থে হুমায়ুন কবীর যে সিদ্ধান্ত নিয়েছেন, তা তাঁর ক্ষেত্রেও প্রযোজ্য। এখন দেখার, এই সিদ্ধান্ত রেজিনগরের উপনির্বাচনী প্রচারে কতটা প্রভাব ফেলে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







