এবার বারাকপুরবাসীর জন্য সুখবর! বীরভূমগামী মা তারা এক্সপ্রেসের স্টপেজ বাড়ছে বারাকপুরে। শিয়ালদহ থেকে রামপুরহাটগামী এই এক্সপ্রেস ট্রেনটি এবার বারাকপুর স্টেশনে দাঁড়াবে। বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীর দাবি, রেল বোর্ড ইতিমধ্যেই এই স্টপেজের অনুমোদন দিয়েছে।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে কৌস্তভ বাগচী জানান, আগামী সোমবার অথবা মঙ্গলবার থেকেই পরীক্ষামূলকভাবে বারাকপুরে মা তারা এক্সপ্রেসের স্টপেজ চালু হতে পারে। তবে ট্রেনটি ঠিক কোন সময়ে বারাকপুরে দাঁড়াবে, তা আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের পরই জানা যাবে।
কৌস্তভের দাবি, দীর্ঘদিন ধরেই বারাকপুরে এই স্টপেজের দাবিতে রেল মন্ত্রক ও পূর্ব রেলের সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল। আর এই অনুমোদনকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনের আগে বারাকপুরবাসীর জন্য উপহার হিসেবেই দেখছেন।
তাঁর কথায়, বারাকপুরবাসী প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার কথা ভাবছিলেন, অথচ প্রধানমন্ত্রীই জন্মদিনের আগে বারাকপুরবাসীকে উপহার দিলেন।
তবে পরীক্ষামূলক স্টপেজকে স্থায়ী করতে যাত্রীদের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিধায়ক। তাঁর আবেদন, বারাকপুর থেকে তারাপীঠ কিংবা বীরভূমের অন্যান্য এলাকায় যাওয়ার ক্ষেত্রে বেশি সংখ্যক যাত্রী যেন মা তারা এক্সপ্রেসে যাতায়াত করেন এবং টিকিট কাটেন। যাত্রী সংখ্যা বাড়লে স্থায়ী স্টপেজের দাবি আরও জোরদার হবে বলে তাঁর বক্তব্য।
এদিকে, শুধু মা তারা এক্সপ্রেস নয়—বারাকপুর স্টেশনে আরও দূরপাল্লার ট্রেন দাঁড় করানোর উদ্যোগের কথাও জানিয়েছেন কৌস্তভ। এজন্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
রেল মন্ত্রকে দেওয়া তালিকায় রয়েছে ভাগীরথী, তিস্তা-তোর্সা, কাটিহার, শিয়ালদহ-বালিয়া, পূর্বাঞ্চল, গৌড়বঙ্গ, কলকাতা-গৌহাটি গরিব রথ এবং গঙ্গাসাগর এক্সপ্রেস। প্ল্যাটফর্ম সম্প্রসারণের পর ধাপে ধাপে এই ট্রেনগুলির স্টপেজের জন্যও আবেদন করা হবে বলে জানিয়েছেন তিনি।
অর্থাৎ, মা তারা এক্সপ্রেস দিয়ে শুরু—আগামী দিনে বারাকপুর স্টেশনে আরও একাধিক দূরপাল্লার ট্রেনের স্টপেজ পাওয়ার লক্ষ্যেই এগোতে চাইছে উদ্যোগ।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







