সিকিমে ফের ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা। একের পর এক ভূমিধসে বসে যেতে শুরু করেছে আস্ত পাহাড়ের ঢাল। পাহাড়ের বুক চিরে গলগল করে নেমে আসছে কাদা, মাটি, বড় বড় পাথর এবং ভেঙে পড়া গাছ। আর এর জেরেই পশ্চিম সিকিমে বাড়ছে ভয়াবহ হড়পা বানের আশঙ্কা।
চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম সিকিমের গিয়ালশিং জেলার সিঙ্গলিথাম গ্রাম এবং সংলগ্ন রিম্বি এলাকায়। রবিবার সকাল থেকে ভূমিধসের তীব্রতা বাড়তেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ধসের ধ্বংসস্তূপে রাস্তা তলিয়ে যাওয়ায় ইতিমধ্যেই কয়েকটি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফে রিম্বির ৩০টি এবং সিঙ্গলিথামের ৮টি পরিবারকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, সিঙ্গলিথামের পাহাড়ের ঢাল থেকে নেমে আসা কাদা, পাথর এবং উপড়ে পড়া গাছ স্থানীয় ঝোরার গতিপথ আটকে দিচ্ছে। এর ফলে জল জমে গেলে নিচের দিকে রিম্বি এলাকায় আচমকা ভয়াবহ হড়পা বান নামতে পারে।
জানা গিয়েছে, রিম্বি এলাকার ঠিক উপরে সিঙ্গলিথাম গ্রামের কাছে একটি টিলা ভূমিধসের জেরে ধীরে ধীরে বসে যাচ্ছে। বর্ষায় টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়ের ঢাল নরম হয়ে যাওয়াকেই এর অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
স্থানীয়দের দাবি, আগস্ট মাস থেকেই এলাকায় ভূমিধস শুরু হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সেই ধস ক্রমশ গ্রামের দিকে এগিয়ে আসছে। ইতিমধ্যেই সিঙ্গলিথামের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে রিম্বি-ইউকসম এবং রিম্বি-খেচুপেরি সড়কের বেশ কিছু অংশ ধসে যাওয়ায় যান চলাচল বন্ধ। ইউকসম-তাশিডিং এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে।
বিপদের আশঙ্কায় সাধারণ মানুষ ও যাত্রীদের ক্ষতিগ্রস্ত এলাকা এড়িয়ে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রশাসন। আতঙ্কের মধ্যে প্রয়োজনীয় এবং মূল্যবান সামগ্রী নিয়ে নিরাপদ জায়গায় সরে যেতে শুরু করেছেন স্থানীয়দের একাংশ।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







