best news portal development company in india

পোষ্য কুকুরের পাল্টা আক্রমণ! প্রাণ বাঁচাতে পালাল চিতাবাঘ

SHARE:

এমন ঘটনা সত্যিই বিরল! শিকারের উদ্দেশ্যে বাড়িতে ঢুকে পড়েছিল চিতাবাঘ। কিন্তু ঘুমন্ত পোষ্য কুকুরটির উপর ঝাঁপিয়ে পড়তেই ঘটল উল্টো ঘটনা। ভয় পেয়ে পালিয়ে যাওয়ার বদলে চিতাবাঘের বিরুদ্ধেই পালটা প্রতিরোধ গড়ে তুলল কুকুরটি। শেষ পর্যন্ত কুকুরের তীব্র প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হল চিতাবাঘ!

ঘটনাটি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের একটি গ্রামের বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

ফুটেজে দেখা যাচ্ছে, রাতের অন্ধকারে একটি বাড়ির দোতলায় ঢুকে পড়েছে চিতাবাঘ। আতঙ্কে পরিবারের সদস্যরা ঘরের ভিতরেই ছিলেন। সেই সময় ড্রয়িং রুমে শুয়ে ছিল বাড়ির পোষ্য কুকুরটি।

হঠাৎ সুযোগ বুঝে ঘুমন্ত কুকুরটির উপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ। আচমকা হামলার পরেও ভয় পেয়ে পিছিয়ে যায়নি পোষ্যটি। বরং নিজের জীবন বাঁচাতে শুরু করে পালটা প্রতিরোধ।

চিতাবাঘটি কুকুরটিকে কাবু করার চেষ্টা করলেও কুকুরটি ক্রমাগত প্রতিরোধ চালিয়ে যায়। সিসিটিভি ফুটেজেই ধরা পড়ে দু’পক্ষের সেই ধস্তাধস্তির মুহূর্ত।

শেষ পর্যন্ত পোষ্য কুকুরটির অদম্য প্রতিরোধের সামনে সফল হয়নি চিতাবাঘের আক্রমণ। বরং পরিস্থিতি বেগতিক বুঝে সেখান থেকে পালিয়ে যায় সে। জানা গিয়েছে, পুরো ঘটনাটি ঘটে মাত্র প্রায় ২৫ সেকেন্ডের মধ্যে।

উত্তরাখণ্ডের পাহাড়ি এবং জঙ্গল সংলগ্ন এলাকায় খাবারের সন্ধানে চিতাবাঘের লোকালয়ে ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। কিন্তু একটি পোষ্য কুকুরের এমন সাহসী প্রতিরোধের দৃশ্যই এবার নজর কেড়েছে নেটিজেনদের।

শিকার করতে এসে নিজেই পিছু হটল শিকারি—রুদ্রপ্রয়াগের এই অদ্ভুত ঘটনাই এখন হয়ে উঠেছে সমাজমাধ্যমের আলোচনার বিষয়!

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *