উপস্থিতির হার নিয়ে কলেজের নতুন বিজ্ঞপ্তি ঘিরে উত্তেজনা। বৃহস্পতিবার রাতভর সুরেন্দ্রনাথ ল কলেজে ভাইস প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন একদল পড়ুয়া। ৭৫ শতাংশ উপস্থিতি না থাকলে পরীক্ষায় বসা যাবে না—কলেজের এই নির্দেশিকা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা।
জানা গিয়েছে, দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম সেমিস্টারের পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর আগে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপরই ভাইস প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা। আন্দোলনকারীদের দাবি, উপস্থিতির হার কম থাকলেও তাঁদের পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে।
শুক্রবারই পরীক্ষার ফর্ম ফিল-আপের শেষ দিন ছিল বলে জানা গিয়েছে। ফলে সময়সীমা নিয়ে আরও উদ্বেগ তৈরি হয়। বিক্ষোভকারী পড়ুয়াদের অভিযোগ, উপস্থিতির হার কম থাকার কারণে কলেজের একটা বড় অংশের পরীক্ষার্থী সমস্যায় পড়েছেন। তাঁদের দাবি, বিষয়টি বিবেচনা করে পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে।
কলেজ সূত্রে খবর, VRP মডেলের মাধ্যমে উপস্থিতির হিসেব রাখা হয়। গত জুন মাসেই উপস্থিতির হার প্রকাশ করা হয়েছিল এবং পড়ুয়ারা নিজেদের উপস্থিতির হার দেখার সুযোগ পেয়েছিলেন। কিন্তু পরীক্ষার আগে নতুন করে বিজ্ঞপ্তি জারি হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অন্যদিকে, ভাইস প্রিন্সিপালের বক্তব্য, বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করা হবে। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়কে চিঠি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন ভাইস প্রিন্সিপাল।
একইসঙ্গে তিনি জানিয়েছেন, কলেজে পুলিশ ঢোকানো হবে না। তবে তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। রাতভর ভাইস প্রিন্সিপালকে ঘেরাও করে নিজেদের দাবিতে আন্দোলন চালিয়ে যান বিক্ষোভকারী পড়ুয়ারা।
এখন মূল প্রশ্ন, উপস্থিতির নিয়ম মেনে পরীক্ষা নেওয়া হবে, নাকি পড়ুয়াদের দাবির কথা বিবেচনা করে কোনও সমাধানের পথ বের হবে? বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনার পরেই এই জটিলতার পরবর্তী সমাধান কী হবে, সেদিকেই নজর সকলের।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







