নন্দীগ্রাম মানেই রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। আর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন ঘোষণার পর সেই উত্তেজনা আরও বেড়েছে। সবচেয়ে বড় প্রশ্ন—নন্দীগ্রাম থেকে এবার তৃণমূলের প্রার্থী কে?
এই জল্পনার মধ্যেই এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার অনুরোধ জানালেন তৃণমূল নেতা মদন মিত্র। তাঁর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজে নন্দীগ্রাম থেকে লড়াই করেন, তাহলে তাঁরা কোনও প্রার্থী দেবেন না।
মদন মিত্রের দাবি, গণতন্ত্রে শাসকের বিরুদ্ধে বিরোধীরা যদি একজোট হয়ে লড়াই করে, তাহলে মানুষের কাছে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা যায়। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা নিয়ে বিতর্কে না গিয়ে যদি তাঁকে নন্দীগ্রাম থেকে প্রার্থী করা হয়, তাহলে বিজেপির বিরুদ্ধে ভোট ভাগাভাগির কোনও সুযোগ থাকবে না।
তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে সরাসরি লড়াইয়ের ময়দান ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে একটি রাজনৈতিক বার্তাও দেওয়া সম্ভব। একইসঙ্গে তাঁর মন্তব্য, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কারা ‘বি-টিম’, সেই প্রশ্নেরও জবাব মিলবে।
অন্যদিকে, নন্দীগ্রামের আর এক পরিচিত তৃণমূল নেতা আবু তাহেরও জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নন্দীগ্রাম থেকে প্রার্থী হলে তাঁর আপত্তি নেই। বরং তাঁর বক্তব্য, দলের সুদিনে যখন তাঁকে প্রার্থী করা হয়নি, তখন দলের দুর্দিনে তিনি কেন প্রার্থী হবেন?
উল্লেখ্য, নন্দীগ্রামের রাজনীতির সঙ্গে তৃণমূলের উত্থানের ইতিহাস গভীরভাবে জড়িয়ে। নন্দীগ্রামের জমি আন্দোলনে অধিকারী পরিবারের পাশাপাশি শেখ সুফিয়ান, আবু তাহের, স্বদেশ দাস-সহ একাধিক নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বলে স্থানীয় রাজনৈতিক মহলে উল্লেখ করা হয়।
২০১১ সালে সেই আন্দোলনের রাজনৈতিক সাফল্যের পর ক্ষমতায় আসে তৃণমূল। পরবর্তীতে শেখ সুফিয়ান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পান। অন্যদিকে, আবু তাহেরের দাবি, আন্দোলনের অন্যতম মুখ হয়েও তিনি রাজনৈতিকভাবে বঞ্চিত হয়েছেন এবং একাধিক মামলার কারণে তাঁকে নন্দীগ্রামের বাইরে থাকতে হয়েছে।
এখন উপনির্বাচনের আগে মদন মিত্রের এই প্রস্তাব ঘিরে নতুন করে চড়ছে জল্পনা। শেষ পর্যন্ত নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী কে হন, আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কি লড়াইয়ের ময়দানে নামবেন—সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







