মাত্র তিন ঘণ্টায় বদলে গেল বিজেপির নতুন রাজ্য এগজিকিউটিভ কমিটির তালিকা! প্রথম তালিকায় নাম ছিল না দলের দুই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রাহুল সিনহার। আর সেই তালিকা প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সংশোধিত তালিকা প্রকাশ করে তাঁদের দু’জনকেই জায়গা দেওয়া হল।
২০২৫ সালের জুলাই মাসে রাজ্য বিজেপির সভাপতি হন শমীক ভট্টাচার্য। তাঁর দায়িত্ব নেওয়ার প্রায় ১৪ মাস পর অবশেষে গঠিত হল নতুন রাজ্য কমিটি। বিকেল পাঁচটা নাগাদ শমীক ভট্টাচার্যের স্বাক্ষরিত প্রথম তালিকা প্রকাশ করা হয়। সেখানে সদস্য সংখ্যা ছিল ২৬৩ জন।
কিন্তু তালিকা প্রকাশের পরই সামনে আসে বড় পরিবর্তন। রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ ফের প্রকাশ করা হয় সংশোধিত তালিকা। এবার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৭০। আর এই নতুন তালিকাতেই জায়গা পান দিলীপ ঘোষ ও রাহুল সিনহা—দু’জনেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।
প্রথম তালিকায় অবশ্য দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতার নাম ছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তমলুক সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর বাবা শিশির অধিকারী পেয়েছেন কাঁথির দায়িত্ব।
কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের হাতে দেওয়া হয়েছে দক্ষিণ দিনাজপুর, আর শান্তনু ঠাকুর সামলাবেন বনগাঁ সাংগঠনিক জেলা। রাজ্যের মন্ত্রীদের মধ্যেও একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব বণ্টন করা হয়েছে।
তাপস রায় পেয়েছেন উত্তর কলকাতার দায়িত্ব। জগন্নাথ চট্টোপাধ্যায়কে দেওয়া হয়েছে বীরভূম, নিশীথ প্রামাণিককে কোচবিহার এবং অগ্নিমিত্রা পালকে দেওয়া হয়েছে আসানসোলের দায়িত্ব। এছাড়াও দীপক বর্মনকে আলিপুরদুয়ার এবং শঙ্কর ঘোষকে শিলিগুড়ি সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে প্রথম তালিকায় দুই প্রাক্তন রাজ্য সভাপতির নাম না থাকা নিয়েই শুরু হয়েছিল জল্পনা। শেষ পর্যন্ত মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সেই তালিকা সংশোধন করা হল। ফলে নতুন রাজ্য এগজিকিউটিভ কমিটি প্রকাশের পর প্রথম বড় চমক—দিলীপ ঘোষ এবং রাহুল সিনহা দু’জনেই ফের জায়গা করে নিলেন বিজেপির রাজ্য সংগঠনের গুরুত্বপূর্ণ তালিকায়।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







