অবশেষে প্রতীক্ষার অবসান! ঘোষণা হয়ে গেল বাংলার দুই বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের দিনক্ষণ। সোমবার বিজ্ঞপ্তি জারি করে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। নন্দীগ্রাম ও রেজিনগর—এই দুই কেন্দ্রে আগামী ৬ অক্টোবর হবে ভোটগ্রহণ। আর ফল প্রকাশ হবে ৯ অক্টোবর।
২০২৬-এর বিধানসভা নির্বাচনের পর থেকেই এই দুই কেন্দ্রের উপ-নির্বাচনের তারিখ নিয়ে রাজনৈতিক মহলে ছিল ব্যাপক কৌতূহল। কারণ, দুই কেন্দ্রের বিধায়কই নির্বাচনে একাধিক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয় পাওয়ার পর একটি করে আসন ছেড়ে দেন।
নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই কেন্দ্র থেকেই নির্বাচনে লড়েছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুই আসনেই জয় পাওয়ার পর তিনি নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন। ফলে এবার নন্দীগ্রামে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা।
অন্যদিকে, নওদা এবং রেজিনগর—দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর। পরে তিনি রেজিনগর আসনটি ছেড়ে দেওয়ায় ওই কেন্দ্রেও উপ-নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়।
নির্বাচন কমিশনের ঘোষণায় জানা গিয়েছে, ১৬ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। এরপর ৬ অক্টোবর ভোটগ্রহণ এবং ৯ অক্টোবর ফল ঘোষণা।
শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের আরও কয়েকটি বিধানসভা কেন্দ্রেও একইসঙ্গে উপ-নির্বাচন হবে। তামিলনাড়ুর দুটি, পুদুচেরির একটি এবং অসমের একটি আসনেও ভোট নেওয়া হবে।
তবে এই তালিকায় আপাতত জায়গা হয়নি বসিরহাট লোকসভা কেন্দ্রের। হাজি নুরুল ইসলামের মৃত্যুর পর থেকেই ওই লোকসভা আসনটি শূন্য রয়েছে। কিন্তু সেখানে এখনও উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন।
অর্থাৎ, পুজোর আগেই ফের ভোটের দামামা বাংলায়। ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট—আর ৯ অক্টোবরই জানা যাবে কার হাতে উঠছে জয়ের হাসি!
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







