best news portal development company in india

গ্যাস বুকিংয়ের সময়সীমা কমল, পুজোর আগে বড় স্বস্তি গ্রাহকদের

SHARE:

পুজোর আগে রান্নার গ্যাস নিয়ে বড় স্বস্তির খবর! গ্রামীণ এলাকায় এলপিজি সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা অনেকটাই কমিয়ে দিল কেন্দ্র। এতদিন যেখানে ৪৫ দিন অন্তর গ্যাস বুক করা যেত, এবার থেকে ২৫ দিন অন্তরই বুকিং করা যাবে। ফলে গ্যাস ফুরিয়ে যাওয়ার পর নতুন সিলিন্ডারের জন্য গ্রাহকদের দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না।

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে চাপ তৈরি হয়েছিল। পাশাপাশি দেশে এলপিজির সরবরাহ এবং মজুত নিয়েও তৈরি হয়েছিল উদ্বেগ। সেই পরিস্থিতিতে গত মার্চ মাসে গ্রামীণ এলাকার জন্য গ্যাস বুকিংয়ের সময়সীমা ৪৫ দিন এবং শহরাঞ্চলের জন্য ২৫ দিন করা হয়েছিল।

কেন্দ্রের যুক্তি ছিল, অতিরিক্ত মজুত এবং কালোবাজারি রুখতেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবার গ্রামীণ এলাকার বুকিংয়ের ব্যবধানও কমিয়ে ২৫ দিন করা হল। শহরাঞ্চলের ক্ষেত্রে অবশ্য কোনও পরিবর্তন করা হয়নি।

কেন্দ্র জানিয়েছে, গ্রাহকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত এলপিজি সরবরাহ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, বিশেষ করে গ্রামাঞ্চলের গ্রাহকদের জন্য এবার গ্যাস বুকিং আরও সহজ হতে চলেছে।

এদিকে রান্নার গ্যাসের দাম নিয়েও রয়েছে চাপ। গত ৭ জুন শেষবার বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছিল। বর্তমানে কলকাতায় সেই সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা।

অন্যদিকে, গত ১ সেপ্টেম্বর ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৯ টাকা ৫০ পয়সা বেড়েছে। আগস্টে কলকাতায় যার দাম ছিল ২৮৭২ টাকা ৫০ পয়সা, তা বেড়ে হয়েছে ২৮৮২ টাকা। দিল্লিতে ২৭৩৮ টাকা এবং চেন্নাইয়ে ২৯০৬ টাকা।

সব মিলিয়ে, রান্নার গ্যাসের দাম নিয়ে চাপ থাকলেও বুকিংয়ের ব্যবধান কমানোর সিদ্ধান্তে পুজোর আগে গ্রাহকদের কিছুটা স্বস্তি মিলবে বলেই মনে করা হচ্ছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई