প্রশাসনিক সফরের মাঝেই বালুরঘাটে বিশেষ মধ্যাহ্নভোজ! বুধবার একাধিক প্রকল্পের উদ্বোধন এবং প্রশাসনিক বৈঠকে যোগ দিতে বালুরঘাটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর ব্যস্ত কর্মসূচির মাঝেই কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন তিনি।
মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম সুকান্ত মজুমদারের বাড়িতে যাচ্ছেন শুভেন্দু। স্বাভাবিকভাবেই এই সফরকে ঘিরে সুকান্তের বাড়িতে প্রস্তুতিও তুঙ্গে। আর মুখ্যমন্ত্রীর আপ্যায়নে মেনুতেও থাকছে বিশেষ চমক।
মাছে-ভাতে বাঙালির কথা মাথায় রেখে মেনুতে রাখা হয়েছে একাধিক মাছের পদ। সুকান্ত মজুমদার জানিয়েছেন, স্থানীয় একটি বিশেষ মাছ দিয়ে মুখ্যমন্ত্রীকে আপ্যায়ন করা হবে। সেই মাছের নাম রাইখোর বা রাইখয়রা। বাটা জাতীয় এই ছোট মাছ মিষ্টি জলে পাওয়া যায় এবং স্থানীয়ভাবে বেশ জনপ্রিয়।
তবে রাইখয়রা মাছটি ঝাল, ঝোল নাকি অন্য কোনও পদে পরিবেশন করা হবে, তা অবশ্য স্পষ্ট করেননি সুকান্ত। এর পাশাপাশি মেনুতে থাকছে বাঙালির প্রিয় ইলিশ মাছও।
অন্যদিকে, বুধবার বালুরঘাটে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ দিনাজপুর জেলা এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন অনুমোদিত প্রকল্প ও অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্প নিয়ে হবে রিভিউ মিটিং। পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটাই শুভেন্দু অধিকারীর প্রথম বালুরঘাট সফর। সেই সফরেই সুকান্ত মজুমদারের আমন্ত্রণে তাঁর বাড়িতে মধ্যাহ্নভোজে যোগ দিতে রাজি হয়েছেন মুখ্যমন্ত্রী।
এই আমন্ত্রণকে অবশ্য একেবারেই পারিবারিক সৌজন্য হিসেবে দেখছেন সুকান্ত। তাঁর কথায়, “আর পাঁচটা বাড়িতে যেমন আত্মীয়-স্বজন বাড়িতে যায়, এক্ষেত্রেও সেরকমই।”
প্রশাসনিক ব্যস্ততার মাঝেই দুই নেতার এই সাক্ষাৎ এবং মধ্যাহ্নভোজ ঘিরে তাই রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







