মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে বাংলাজুড়ে বিশেষ শ্রদ্ধাঞ্জলি। রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় এবং টলিপাড়ার শিল্পীদের উদ্যোগে আগামী ৩ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত পালিত হবে একগুচ্ছ বিশেষ কর্মসূচি। ইতিমধ্যেই এই উদযাপনকে ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি।
সম্প্রতি রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে বিশেষ উপদেষ্টা কমিটির। সেই কমিটির সদস্যদের নিয়ে মঙ্গলবার বিকেলে নন্দনে বসে গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে জন্মশতবর্ষ উদযাপনের একাধিক কর্মসূচি চূড়ান্ত করা হয়।
নন্দনের এই বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী-সহ টলিউডের একাধিক তারকা ও শিল্পী। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, দেব, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, যিশু সেনগুপ্ত-সহ আরও অনেকে।
আগামী ৩ সেপ্টেম্বর সকাল থেকেই শুরু হবে মহানায়ককে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান। টালিগঞ্জে উত্তম কুমারের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শুরু হবে কর্মসূচি। এরপর বিজলী সিনেমা হলের সামনে উন্মোচন করা হবে উত্তম কুমারের ২০ ফুটের বিশাল কাটআউট।
সন্ধে ৬টা নাগাদ নন্দন থেকে বের হবে বিশেষ শ্রদ্ধাঞ্জলি পদযাত্রা। এই পদযাত্রায় টলিউডের শিল্পী, সিনেমাপ্রেমী এবং উত্তম কুমারের অনুরাগীদের পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী।
শুধু শহর কলকাতাতেই নয়, মহানায়কের স্মৃতিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে শহরজুড়ে চলবে বিশেষ সাজানো গাড়ি। মঙ্গলবার তারও শুভসূচনা করেন প্রসেনজিৎ, জিৎ এবং রুদ্রনীল ঘোষ।
উত্তম কুমারের জন্মশতবর্ষকে ঘিরে আগামী এক বছর ধরে আরও নানা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। রূপা গঙ্গোপাধ্যায়ের কথায়, উত্তম কুমারকে নিয়ে একটি বিশেষ তথ্যচিত্র তৈরিরও পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দর্শকদের জন্যও থাকছে অভিনব উদ্যোগ।
সিনেমা দেখতে এসে কেউ যদি উত্তম কুমারের মতো সাজেন, কিংবা সুচিত্রা সেনের কোনও জনপ্রিয় চরিত্রের আদলে নিজেকে সাজিয়ে প্রেক্ষাগৃহে আসেন, তাহলে সেরাদের পুরস্কৃত করার পরিকল্পনাও রয়েছে।
অর্থাৎ, মহানায়ককে শুধু স্মরণ নয়—তাঁর অভিনয়, তাঁর সিনেমা এবং তাঁর অনন্য জনপ্রিয়তাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এবার বছরভর চলবে বিশেষ আয়োজন।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







