বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূলের সংগঠনকে আরও শক্তিশালী করতে এবার জেলা সফরে বেরোনোর বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বিজেপি সরকারকে কড়া আক্রমণ করেন তিনি। তাঁর অভিযোগ, নির্বাচন শেষ হওয়ার পর থেকেই তাঁর নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছে এবং রাজনৈতিক কর্মীদের ভয় দেখাতে পুলিশ-প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে।
এদিন মমতা স্পষ্ট জানান, খুব শীঘ্রই তিনি রাজ্যের বিভিন্ন জেলায় সফর শুরু করবেন। প্রশাসনের অনুমতি না পেলেও কর্মসূচি থেকে পিছিয়ে আসবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি। তাঁর কথায়, “পারমিশন না পেলে রাস্তায় রাস্তায় হাঁটব। পারলে পুলিশ আটকে দেখাও।” একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক কর্মীদের গ্রেফতার এবং মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগও তোলেন তৃণমূল নেত্রী। তাঁর দাবি, ভয় দেখিয়ে তাঁকে বা তাঁর দলকে দমিয়ে রাখা যাবে না। সংগঠনের নিচুতলার কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়ে আগামী দিনে রাজ্যজুড়ে রাজনৈতিক কর্মসূচি আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছেন মমতা।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







