হিমালয়ের রুদ্ররোষে ভয়াবহ বিপর্যয়ের মুখে নেপাল। হিমবাহ ধস থেকে নেমে আসা প্রবল জলোচ্ছ্বাসে প্রাণহানি হয়েছে বহু মানুষের। ধ্বংস হয়েছে বিস্তীর্ণ এলাকা। এই পরিস্থিতির মধ্যেই ভারতকে সতর্ক করলেন নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল। তাঁর দাবি, জলবায়ু পরিবর্তন ও হিমবাহ গলে যাওয়ার প্রভাব আগামী দিনে ভারতকেও বিপদের মুখে ফেলতে পারে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শিশির খানাল বলেন, ভারত ও নেপালের সম্পর্ক দীর্ঘদিনের এবং সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ককে শুধু সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিতে নয়, পরিবেশ ও বাস্তুতন্ত্রের দিক থেকেও নতুন করে ভাবতে হবে। তাঁর মতে, হিমালয়ের পরিবেশের পরিবর্তন শুধু নেপাল নয়, ভারত, চিন ও ভুটান—সব দেশকেই প্রভাবিত করতে পারে।
নেপালের বিদেশমন্ত্রীর কথায়, হিমালয়ের বরফ দ্রুত গলতে থাকলে নদীগুলিতে আচমকা জলস্তর বেড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। বুধবারের বিপর্যয় তারই একটি সতর্কবার্তা। তাঁর দাবি, এবারের হড়পা বান সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেনি ঠিকই, কিন্তু ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হওয়া অসম্ভব নয়।
তাই জলবায়ু পরিবর্তন ও হিমালয়ের পরিবেশ রক্ষায় ভারত, নেপাল, চিন ও ভুটানকে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন শিশির খানাল। তাঁর মতে, রাজনৈতিক মতপার্থক্য ভুলে হিমালয়কে বাঁচানোর জন্য এখনই আঞ্চলিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







