দীর্ঘদিন ধরে বিধানসভার গ্রন্থাগার থেকে নেওয়া ১৯টি বই ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। জানা গিয়েছে, তাঁর কাছে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রবীন্দ্র রচনাবলী’র ১৮টি খণ্ড এবং ‘সঞ্চয়িতা’। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বইগুলি এখনও ফেরত দেওয়া হয়নি বলে দাবি নতুন সরকারের। এবার দ্রুত বই ফেরত না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের গ্রন্থাগার বিষয়ক মন্ত্রী গৌরীশংকর ঘোষ।
মঙ্গলবার সিউড়িতে বিবেকানন্দ গ্রন্থাগারের ১২৭তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, গ্রন্থাগার থেকে বই নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ফেরত না দিলে একজন সাধারণ পাঠকের বিরুদ্ধে যে নিয়ম কার্যকর হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। তাঁর স্পষ্ট বক্তব্য, “উনি বিশিষ্ট জন বলে ওঁর জন্য আলাদা নিয়ম হবে, এমনটা নয়।”
মন্ত্রী আরও জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনে আইনের শাসন এবং সকলের জন্য সমান আইনের কথা বলেছেন। ফলে বিধানসভার গ্রন্থাগারের বই ফেরানোর ক্ষেত্রেও কোনও বিশেষ সুবিধা দেওয়া হবে না বলেই দাবি তাঁর।
এর পাশাপাশি, আগের সরকারের আমলে বিভিন্ন গ্রন্থাগারে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই কেনার জন্য সরকারি নির্দেশ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন গৌরীশংকর ঘোষ। তাঁর দাবি, দলীয় স্বার্থেই সেই নির্দেশ দেওয়া হয়েছিল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গ্রন্থাগারগুলিতে বইয়ের তালিকা নিয়েও পরিবর্তন আনা হচ্ছে বলে জানান তিনি। আগামী দিনে স্বামী বিবেকানন্দ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-সহ জাতীয়তাবাদী ও রাষ্ট্রবাদী ব্যক্তিত্বদের লেখা বই এবং তাঁদের ইতিহাসকে আরও গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছেন মন্ত্রী।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







