বলিউডে ফের নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক কুকু কোহলি। মঙ্গলবার বিকেলে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। জানা গিয়েছে, দু’দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরিচালক। চিকিৎসা চলাকালীন তাঁর শরীরে স্টেন্ট বসানো হয়েছিল। কিন্তু মঙ্গলবার আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয়। বিকেল পাঁচটা নাগাদ চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হন তিনি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ তাঁর বাসভবন ‘গ্রিন অ্যাক্রেস’-এ শেষ শ্রদ্ধা জানানো হবে। এরপর বেলা ১১টায় ওশিওয়ারা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। কুকু কোহলির আরেকটি পরিচয়, তিনি অভিনেত্রী অরুণা ইরানির স্বামী। প্রথম স্ত্রী রীতা কোহলির পক্ষেও তাঁর দুই কন্যা রয়েছেন।
১৯৯১ সালে ‘ফুল অউর কাঁটে’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেন কুকু কোহলি। এই ছবির হাত ধরেই বড়পর্দায় অভিষেক হয়েছিল অজয় দেবগনের। এরপর ‘সুহাগ’, ‘হকিকত’, ‘আনাড়ি নম্বর ১’, ‘জুলমি’, ‘ইয়ে দিল আশিকানা’-সহ একাধিক জনপ্রিয় ছবি পরিচালনা করেন তিনি। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘ওহ তেরা নাম থা’ ছিল তাঁর পরিচালিত শেষ ছবি। তাঁর প্রয়াণে বলিউডে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







