রুবির মোড়ের দুর্গাপুজোয় এবার পুজোর আধ্যাত্মিকতার পাশাপাশি বড় হয়ে উঠতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবন। গত চার বছর সংগঠনের অফিস চত্বরে পুজো করার পর পঞ্চম বর্ষে বড় আকারে পুজোর আয়োজন করছে অখিল ভারতীয় হিন্দু মহাসভা। আর এবারের থিম শুভেন্দু অধিকারীর রাজনৈতিক সংগ্রাম ও সাফল্য।
নন্দীগ্রাম থেকে তাঁর রাজনৈতিক পথচলা থেকে শুরু করে সাফল্যের নানা অধ্যায় ফুটে উঠবে মণ্ডপের পোস্টার-ব্যানারে। মণ্ডপের ভিতরে থাকবে শুভেন্দু অধিকারীর একটি আবক্ষ মূর্তিও। কৃষ্ণনগরের শিল্পী তরুণ পাল তৈরি করছেন সেই মূর্তি। পাশাপাশি মুসুর ডালের উপর মুখ্যমন্ত্রীর পূর্ণাঙ্গ প্রতিকৃতিও আঁকানোর পরিকল্পনা রয়েছে, যা ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে দর্শনার্থীদের দেখানো হবে।
তবে চমক রয়েছে প্রতিমাতেও। পটুয়াপাড়ার শিল্পী বলাই পাল তৈরি করছেন সাবেকি প্রতিমা। উদ্যোক্তাদের দাবি, প্রতিমা তৈরিতে ব্যবহার করা হচ্ছে কালীঘাটের ঐতিহাসিক হিন্দু মহাসভা ঘাটের মাটি।
শুধু মণ্ডপ বা প্রতিমা নয়, শুভেন্দুর রাজনৈতিক জীবন নিয়ে তৈরি হচ্ছে একটি তথ্যচিত্রও। পঞ্চমীতে মণ্ডপ উদ্বোধনের পর থেকে সেটি প্রদর্শিত হবে বলে উদ্যোক্তাদের দাবি। পুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারীকেই ‘গেস্ট অফ অনার’ হিসেবে আমন্ত্রণ জানাতে চায় সংগঠন। ইতিমধ্যেই নবান্ন ও লোকভবনে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
এমনকী নন্দীগ্রামে গিয়ে শুভেন্দুর বাবা-মায়ের হাতেও আমন্ত্রণপত্র তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। দিল্লিতে রাষ্ট্রপতি ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিজেপির সদর দফতরেও আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন তাঁরা।
অর্থাৎ, রুবির মোড়ে এবার দুর্গাপুজোর মণ্ডপে দেবীর আরাধনার পাশাপাশি পুরোপুরি রাজনৈতিক থিমে সামনে আসতে চলেছে ‘শুভেন্দু-গাথা’।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







