পালাবদলের পর কলকাতার একাধিক বিগ বাজেট দুর্গাপুজোর বাজেটে বড়সড় কাটছাঁট। উত্তর থেকে দক্ষিণ—যে পুজোগুলির বাজেট গত কয়েক বছরে কয়েক লক্ষ থেকে কোটি টাকায় পৌঁছেছিল, চলতি বছরে সেই পুজোগুলির অনেকগুলিই তুলনায় ছোট পরিসরে আয়োজনের পথে।
অভিযোগ, গত কয়েক বছরে একাধিক বড় পুজোর আয়-ব্যয়ের হিসাব এবং অডিট নিয়ে যথেষ্ট স্বচ্ছতা ছিল না। নতুন সরকার অবশ্য এবার পুজোর খরচের সম্পূর্ণ হিসাব রাখার বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে। অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় খরচ নিয়েও আপত্তি জানিয়েছে প্রশাসন।
নতুন সরকারের বার্তা, দুর্গাপুজোয় রাজনীতির প্রভাব বা কোনও ধরনের আর্থিক অনিয়ম বরদাস্ত করা হবে না। সেই কারণেই একাধিক পুজো কমিটিতে বদল এসেছে। পাশাপাশি বাজেটেও ব্যাপক কাটছাঁট করা হচ্ছে বলে দাবি।
দমদমের দক্ষিণপাড়া সর্বজনীন, বনহুগলির ন’পাড়া দাদাভাই সংঘের মতো একাধিক পুজোয় এবার আগের বছরের জাঁকজমক অনেকটাই কমতে চলেছে। কয়েক বছর ধরে বিশাল মণ্ডপ, বড় প্রতিমা, আলোকসজ্জা এবং তারকাদের উপস্থিতিতে যে পুজোগুলি দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র ছিল, এবার সেই ছবিতে বদল দেখা যাচ্ছে।
অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পুজোতেও রয়েছে পরিবর্তনের ছাপ। শিল্পী ভবতোষ সুতারের কাজ এবং একাধিক পুরস্কারের জন্য পরিচিত এই পুজো কমিটি প্রথমে বড় আকারে আয়োজনের পরিকল্পনা করেছিল। তবে পুলিশ পরিদর্শনের পর বড় পরিসরে পুজোর অনুমতি মেলেনি বলে ক্লাবের তরফে জানানো হয়েছে।
সব মিলিয়ে নতুন নিয়ম, হিসাবের কড়াকড়ি এবং প্রশাসনিক নজরদারির কারণে চলতি বছর কলকাতার বেশ কিছু বিগ বাজেট পুজোর জৌলুসে ভাটা পড়তে পারে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







