best news portal development company in india

পর্যটন শিল্পকে ঢেলে সাজানোর পরিকল্পনা, দার্জিলিংয়ে রোপওয়ে থেকে সুন্দরবনে প্রমোদতরী

SHARE:

বাংলার পর্যটন শিল্পকে আরও আকর্ষণীয় করে তুলতে একাধিক নতুন পরিকল্পনা নিয়েছে রাজ্য পর্যটন দপ্তর। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে পর্যটন দপ্তরের আধিকারিকদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়।

দার্জিলিংয়ে যানজট এড়িয়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগের সুযোগ করে দিতে রোপওয়ে পরিষেবাকে আরও কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই দার্জিলিংয়ের রোপওয়ে পরিষেবা অনিয়মিত থাকার অভিযোগ ছিল। এবার পর্যটকদের সুবিধায় সেটিকে নতুনভাবে সাজানোর ভাবনা রয়েছে।

অন্যদিকে, সুন্দরবনের পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতে নদীপথে বিলাসবহুল প্রমোদতরী বা রিভার ট্যুরিজম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি দিঘা ও মন্দারমণিতে পর্যটকদের বিনোদনের জন্য স্পিডবোট পরিষেবা চালুর সিদ্ধান্ত হয়েছে।

শুধু পাহাড় ও সমুদ্র নয়, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং নবদ্বীপের পর্যটন পরিকাঠামোকেও নতুনভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে। পর্যটন দপ্তরের অধীনে থাকা বিভিন্ন সম্পত্তির আধুনিকীকরণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে আরও ভালো সমন্বয়ের উপরও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী।

তবে পর্যটকদের বিনোদনের পাশাপাশি নিরাপত্তাকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সুন্দরবন, দিঘা ও মন্দারমণি এলাকায় জরুরি পরিস্থিতিতে দ্রুত পরিষেবা দিতে ওয়াটার অ্যাম্বুল্যান্স ও রেসকিউ বোট প্রস্তুত রাখার পরিকল্পনা করা হয়েছে।

এদিনের বৈঠকে পর্যটনমন্ত্রী শংকর ঘোষ, মুখ্যসচিব মনোজ আগরওয়াল-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। একইসঙ্গে পর্যটন দপ্তরের নতুন লোগোও শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *