বন্যা, অগ্নিকাণ্ড বা নির্মাণ ভেঙে পড়ার মতো বিপর্যয় মোকাবিলায় এবার আরও অত্যাধুনিক বাহিনী তৈরি করছে রাজ্য সরকার। রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, বাংলায় তৈরি হচ্ছে বিশেষ ‘অর্জুন বাহিনী’। আগামী সেপ্টেম্বর থেকেই এই বাহিনী কাজ শুরু করবে বলে জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর কথায়, কলকাতার মতো বড় শহরে দীর্ঘদিন ধরে তৈরি হওয়া বেআইনি নির্মাণ এবং ঘনবসতির কারণে বিপর্যয় মোকাবিলায় আরও আধুনিক পরিকাঠামোর প্রয়োজন। সেই প্রয়োজন থেকেই ‘অর্জুন বাহিনী’ গড়ে তোলার সিদ্ধান্ত।
তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ার ঘটনার পর উদ্ধারকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে নতুন করে ভাবনা শুরু হয়। ওই ঘটনায় NDRF, ভারতীয় সেনা, পুলিশ, দমকল এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট দলের সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজ চালিয়েছিলেন। ড্রোনের মাধ্যমে নজরদারি এবং গ্যাস কাটারের সাহায্যে লোহার কাঠামো ও ভারী কংক্রিট সরানো হয়েছিল।
সেই অভিজ্ঞতাকেই এবার আরও বড় পরিসরে কাজে লাগাতে চাইছে রাজ্য সরকার। অগ্নিনির্বাপণ, ধ্বংসস্তূপের মধ্যে দ্রুত উদ্ধার এবং বিভিন্ন ধরনের বিপর্যয় মোকাবিলায় ‘অর্জুন বাহিনী’কে আধুনিক প্রযুক্তি ও উন্নত সরঞ্জামে সজ্জিত করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সরকারের লক্ষ্য, বিপর্যয়ের সময় অন্যান্য উদ্ধারকারী সংস্থার পাশাপাশি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং উদ্ধারকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। সেপ্টেম্বর থেকে নতুন এই বাহিনীর কাজ শুরু হলে রাজ্যের বিপর্যয় মোকাবিলা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হতে পারে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







