best news portal development company in india

উত্তরবঙ্গের মন জয় অমিত শাহের? পাহাড়ের স্থায়ী সমাধানের আশ্বাসে বাড়ল প্রত্যাশা

SHARE:

বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরবঙ্গে পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর এবারের সফর ঘিরে উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। মূলত পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান এবং গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ করিডরের নিরাপত্তা—এই দুই বিষয়কে সামনে রেখেই তাঁর সফর বলে জানা যাচ্ছে।

বাগডোগরা বিমানবন্দরে অমিত শাহ পৌঁছতেই তাঁকে স্বাগত জানান দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, পর্যটনমন্ত্রী শংকর ঘোষ-সহ উত্তরবঙ্গের একাধিক জনপ্রতিনিধি। স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক মহলেও প্রত্যাশা তৈরি হয়েছে।

পাহাড়ে দীর্ঘদিন ধরেই পৃথক গোর্খাল্যান্ডের দাবি রয়েছে। বাম আমলে ডিজিএইচসি এবং পরবর্তীতে তৃণমূল সরকারের সময়ে জিটিএ গঠন করে সেই আন্দোলন সামাল দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু পাহাড়ের একাংশের দাবি, এখনও স্থায়ী রাজনৈতিক সমাধান হয়নি। বিজেপি দীর্ঘদিন ধরেই পাহাড় সমস্যার ‘স্থায়ী সমাধান’-এর প্রতিশ্রুতি দিয়ে আসছে।

এবার রাজ্যে বিজেপির সরকার থাকায় সেই প্রত্যাশা আরও বেড়েছে বলে রাজনৈতিক মহলের মত। পাহাড়ের প্রতিনিধিদের মূল দাবির মধ্যে রয়েছে স্থায়ী রাজনৈতিক সমাধান, জিটিএ বোর্ড গঠন, পুরসভা ও পঞ্চায়েত নির্বাচন এবং স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ।

আগামী ২২ আগস্ট পাহাড়ের জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে অমিত শাহের। সেখানে পাহাড়ের দীর্ঘদিনের সমস্যা এবং সম্ভাব্য সমাধানের পথ নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা। ইতিমধ্যেই পাহাড়ের বিধায়ক ও সাংসদদের বৈঠকে উপস্থিত থাকার জন্য ডাকা হয়েছে।

অন্যদিকে, ২১ থেকে ২৬ আগস্ট শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে ‘৫টি স্তম্ভ: পরিবর্তিত বিচারব্যবস্থা’ শীর্ষক ন্যায় সংহিতা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শুক্রবার এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অমিত শাহ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিত্বের উপস্থিত থাকার কথা।

পাহাড়ের সমস্যা থেকে শুরু করে সীমান্ত নিরাপত্তা—অমিত শাহের উত্তরবঙ্গ সফর তাই একাধিক দিক থেকে গুরুত্বপূর্ণ। এখন পাহাড়ের মানুষ অপেক্ষায়, বহু বছরের দাবির কতটা বাস্তব সমাধানের পথে এগোয় এই সফর।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *