যাদবপুর বিশ্ববিদ্যালয়ে SFI ও ABVP-র সংঘর্ষকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হল। বুধবারের উত্তেজনার পর বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের শ্রম ও পরিবহণমন্ত্রী অর্জুন সিং।
ভাটপাড়ার বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় বর্তমানে এমন একটি জায়গায় পরিণত হয়েছে, যেখানে বাম, অতিবাম এবং মাওবাদী মতাদর্শের প্রভাব রয়েছে বলে তিনি মনে করেন। তাঁর অভিযোগ, এই ধরনের মতাদর্শের মাধ্যমে পড়ুয়াদের রাষ্ট্রবিরোধী চিন্তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
যাদবপুরের সাম্প্রতিক অশান্তি প্রসঙ্গে মন্ত্রী বিশ্ববিদ্যালয়টিকে ‘আরবান নকশালদের প্রোডাকশন হাউস’ বলেও মন্তব্য করেন। তাঁর দাবি, একসময় দিল্লির জেএনইউ নিয়ে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছিল, বাংলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে।
বুধবার রাতে বামপন্থী ছাত্র সংগঠনগুলির জিবি মিটিংকে কেন্দ্র করে ABVP এবং বাম ছাত্র সংগঠনগুলির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর বৃহস্পতিবারও দুই পক্ষের মিছিল ঘিরে বিশ্ববিদ্যালয় চত্বরের পাশাপাশি বাইরেও উত্তেজনা ছড়ায়। সেই ঘটনাকে কেন্দ্র করেই এবার সরাসরি রাজনৈতিক বক্তব্য রাখলেন মন্ত্রী।
অর্জুন সিং পড়ুয়া ও অভিভাবকদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন। মাদক ও মদ্যপানের মতো বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এবং দেশের বিষয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন।
তাঁর বার্তা, রাজনৈতিক মতাদর্শ আলাদা হতেই পারে, কিন্তু দেশের স্বার্থ সবার আগে। একইসঙ্গে দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। যদিও মন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







