best news portal development company in india

দমদম ক্যান্টনমেন্টের সুভাষ নগরে ভয়াবহ ঘটনা

SHARE:

হাড় হিম করা ঘটনা ঘটেছে দমদম ক্যান্টনমেন্টের সুভাষ নগরে। রাতে বাড়ির ভিতর থেকে কম্বলে মোড়ানো অবস্থায় এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম জয়া প্রামাণিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমদম থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’বছর ধরে ওই মহিলা সুভাষ নগরে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। স্থানীয়দের দাবি, ওই বাড়িতে এক ব্যক্তির নিয়মিত যাতায়াত ছিল। এলাকাবাসীর বর্ণনা অনুযায়ী, ওই ব্যক্তি লম্বা ও সুঠাম চেহারার। তিনি বেদিয়াপাড়ার ঝিল কলোনিতে থাকতেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, জয়া প্রামাণিকের তিন বছরের একটি পুত্রসন্তান রয়েছে। কর্মসূত্রে তাঁকে বিভিন্ন জায়গায় যেতে হত। সেই কারণে শিশুটি শ্যামবাজারে তার দাদু-দিদার কাছে থাকত। পরিবারের দাবি, ফোনে জয়ার সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাঁরা তাঁর বাড়িতে আসেন। সেখানে মেঝেতে জয়ার নিথর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাগর দত্ত মেডিকেল হাসপাতালে পাঠিয়েছে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের মধ্যে মহিলার ব্যক্তিগত সম্পর্ক নিয়েও নানা দাবি উঠেছে। তবে সেই কারণেই খুন কি না, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *