গত বছরের সেপ্টেম্বরের ভয়াবহ জলমগ্নতার স্মৃতি ফিরিয়ে দিল ১০ আগস্টের রাতের বৃষ্টি। রাতের দিকে আচমকাই শুরু হয় প্রবল বৃষ্টিপাত। একনাগাড়ে বৃষ্টিতে কলকাতার উত্তর থেকে দক্ষিণ, পাশাপাশি সংলগ্ন জেলাগুলিরও পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। পুরসভার নিকাশি পাম্পিং স্টেশনের তথ্য অনুযায়ী, মাত্র এক ঘণ্টার ভারী বৃষ্টিপাতে ‘ক্লাউড বার্স্ট’-এর স্পষ্ট ইঙ্গিত মিলেছে। বেলগাছিয়া পাম্পিং স্টেশন এলাকায় এক ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।
এছাড়াও ঠনঠনিয়া কালীবাড়ি এলাকায় ১০০ মিলিমিটার, উল্টোডাঙা ও দত্তবাগান এলাকায় প্রায় ১০০ মিলিমিটার, বীরপাড়ায় ৯০ মিলিমিটার এবং মানিকতলায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। প্রবল বৃষ্টির জেরে আরজি কর ট্রমা কেয়ার সেন্টারের সামনেও হাঁটু সমান জল জমে যায়। মানিকতলা, শ্যামবাজার, আহিরীটোলা, টালা এবং দেশবন্ধু পার্কের মতো গুরুত্বপূর্ণ এলাকাও জলের তলায় চলে যায়।
পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পুরসভা ও অন্যান্য পুরসভাগুলি রাত থেকেই জরুরি ভিত্তিতে কাজে নেমে পড়ে। জল দ্রুত নামাতে পাম্পিং স্টেশনগুলি সচল রাখার চেষ্টা চলছে। শহরের বিভিন্ন জলমগ্ন এলাকায় পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







