৫ আগস্ট ভারত থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বক্তব্য ঘিরে দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছিল। সেই আবহেই এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে দীনেশ ত্রিবেদী জানান, আলোচনা অত্যন্ত ভালো ও ফলপ্রসূ হয়েছে।
সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ব্রিকস সম্মেলন। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। সেই প্রসঙ্গ তুলে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আগেই আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতবাসী তাঁর সফরের অপেক্ষায় রয়েছেন। দুই দেশের রাষ্ট্রনেতা একসঙ্গে বসলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।
দীনেশ ত্রিবেদীর কথায়, দুই দেশেরই নিজস্ব কিছু ইস্যু থাকবে। তবে সাধারণ মানুষের মূল চাওয়া ভালো সম্পর্ক। ভারত ও বাংলাদেশের সাধারণ মানুষ দুই দেশের মধ্যে সুসম্পর্ক চান এবং সম্পর্ক ভালো হলে দু’পক্ষই লাভবান হবে বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, কোনও সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান করা অসম্ভব নয়।
পাশাপাশি প্রতিবেশী হিসেবে ভারত ও বাংলাদেশের সম্পর্কের গুরুত্বও তুলে ধরেন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, প্রতিবেশী বদলানো সম্ভব নয়। দুই দেশ শুধু সীমান্ত ভাগ করে না, একে অপরের স্বপ্নও ভাগ করে নেয়। আগামী দিনে পরিস্থিতি আরও ভালো হবে বলে আশাবাদী তিনি। দুই দেশের ইস্যুগুলির সমাধানে উভয় পক্ষকেই এগিয়ে আসতে হবে বলেও জানান ভারতীয় হাইকমিশনার।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







