নতুন ওয়েবসাইট চালু হলে সপ্তম বেতন কমিশন সংক্রান্ত নানা বিভ্রান্তি থেকে মুক্তি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। ইতিমধ্যেই ডিএ, বার্ষিক ইনক্রিমেন্ট, বেতন বৃদ্ধি-সহ বিভিন্ন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা তথ্য ছড়িয়ে পড়ছে। সেই তথ্য কতটা সত্যি, তা নিয়ে কর্মীদের মধ্যে ধন্দও তৈরি হচ্ছে। এবার সেই সমস্যা মেটাতেই নিজেদের কাজকর্ম ও সরকারি তথ্য প্রকাশের জন্য পৃথক ওয়েবসাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সপ্তম বেতন কমিশন কমিটি। সোমবার নবান্নে কমিশনের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, খুব শীঘ্রই ওয়েবসাইটটি চালু করা হবে। সেখানে সরকারি বিজ্ঞপ্তি, কমিশনের কাজের অগ্রগতি, বিভিন্ন বিষয়ে মতামত এবং স্মারকলিপি জমা দেওয়ার ব্যবস্থা থাকবে।
এর ফলে কমিশন সংক্রান্ত সমস্ত তথ্য একটি নির্দিষ্ট ও অনুমোদিত উৎস থেকেই জানতে পারবেন সরকারি কর্মীরা। কমিশনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত বেতন, ভাতা বা পেনশন নিয়ে সরকারের কাছে কোনও সুপারিশ করা হয়নি। তাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন নথি বা তথ্যের উপর নির্ভর না করার জন্য সরকারি কর্মী ও সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়েছে। এদিনের বৈঠকে বিভিন্ন সরকারি পরিষেবা, সংস্থা, কর্পোরেশন ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি কমিশনের কাজের সামগ্রিক রূপরেখা নিয়েও আলোচনা হয়েছে। সপ্তম বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মীদের বর্তমান বেতন কাঠামো, মহার্ঘ ভাতা বা DA, বিভিন্ন বিশেষ ভাতা, যাতায়াত ভাতা, পদোন্নতির নীতি, পেনশন এবং অবসরকালীন অন্যান্য সুবিধা পর্যালোচনা করা হবে। সংশোধিত বেতন কাঠামোয় প্রাথমিক বেতন নির্ধারণ এবং অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সংশোধনের পদ্ধতিও খতিয়ে দেখবে কমিশন।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







