best news portal development company in india

কলকাতার নামী স্কুলে খাদ্য বিষক্রিয়ার আশঙ্কা, অসুস্থ ২৪ পড়ুয়া, রাতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

SHARE:

কলকাতার দেশবন্ধু পার্ক এলাকার একটি নামী স্কুলে অসুস্থ হয়ে পড়ল ২৪ জন পড়ুয়া। সোমবার রাতে জ্বর, পেটে ব্যথা, বমি-সহ একাধিক উপসর্গ নিয়ে তাঁদের আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে রাতেই হাসপাতালে পৌঁছন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। অসুস্থ পড়ুয়াদের পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান, খাবার বা জল থেকে বিষক্রিয়ার কারণেই এই অসুস্থতা হতে পারে। তবে এখনও পর্যন্ত অসুস্থতার সঠিক কারণ নিশ্চিত নয়। খাবার, জল নাকি অন্য কোনও কারণে পড়ুয়ারা অসুস্থ হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্য দফতর ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।

হাসপাতাল সূত্রে খবর, অসুস্থ পড়ুয়াদের মধ্যে জ্বর, পেটে ব্যথা ও বমির মতো উপসর্গ দেখা গিয়েছে। কয়েকজনের শ্বাসকষ্টের অভিযোগও রয়েছে বলে পরিবারের তরফে জানানো হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে অধিকাংশ পড়ুয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এক অসুস্থ পড়ুয়ার পরিবারের দাবি, সন্ধ্যা পর্যন্ত মেয়ের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা হয়েছিল। পরে রাতে স্কুল থেকে ফোন করে অসুস্থ হওয়ার খবর দেওয়া হয়। অন্যদিকে, কয়েকজন পড়ুয়ার পরিবারের তরফে শ্বাসকষ্ট ও বুকে ব্যথার অভিযোগও করা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ওই স্কুলে যাবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি, অসুস্থতার প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় নমুনা পরীক্ষা ও তদন্তও করা হবে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *