অরিজিৎ সিং বেশ ঘটা করে বলেছিলেন, তিনি আর সিনেমার গান গাইবেন না। কিন্তু ২ বছর অতিক্রম করার আগেই তিনি আবার প্লেব্যাকে। কিন্তু কেন? মিউজিক ইন্ডাস্ট্রি থেকে তাঁর এই সাময়িক দূরে থাকা নিয়ে কম জল্পনা হয়নি। কিন্তু সব মন খারাপের অবসান ঘটিয়ে তিনি আবার মাইক ধরেছেন। ‘আওয়ারাপন ২’ (Awarapan 2) ছবির মাধ্যমে ফের একবার তাঁর সেই জাদুকরী কণ্ঠ শুনতে পাচ্ছেন শ্রোতারা। কিন্তু আসল প্রশ্ন হল, এত দিনের বিরতি হঠাৎ কেন ভাঙলেন তিনি? এই বিরাট চমকের পিছনে আসল মানুষটি হলেন সুরকার অমল মালিক। অনেকের মনেই একটা ধারণা তৈরি হয়েছিল যে, হয়তো এটি অরিজিতের গাওয়া কোনও পুরনো রেকর্ড করা গান, যা এতদিন পর রিলিজ করা হচ্ছে। কিন্তু অমল মালিক একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ব্যাপারটা মোটেও তেমন নয়। কারও চাপে পড়ে বা বাধ্য হয়ে অরিজিৎ এই গান গাননি। পুরো সিদ্ধান্তটাই তাঁর নিজের।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আমাল গোটা ঘটনার সত্যিটা সামনে আনেন। তিনি জানান, প্রায় এক বছর ধরে ‘ইয়ে আওয়ারাপন’ গানটি তাঁর নিজের গলাতেই রেকর্ড করা ছিল। কাজের নিয়ম অনুযায়ী, অমল আর অরিজিৎ বরাবরই একে অপরের সঙ্গে নিজেদের তৈরি মিউজিক শেয়ার করেন। অমল সাধারণত তাঁকে পাঁচ-ছ’টি গান পাঠান। তার মধ্যে কোনও একটি গান অরিজিতের পছন্দ হলে, তাঁরা একসঙ্গে কাজ করেন। তবে এই গানটির ক্ষেত্রে গল্পটা একটু অন্যরকম। গানটি শুনে অরিজিৎ খুব খুশি হলেও, প্রথমে তিনি গাইতে রাজি হননি! তিনি অবাক হয়ে অমলকে বলেছিলেন, গানটা তো আগেই খুব সুন্দর করে গাওয়া হয়েছে, তাহলে তাঁকে দিয়ে নতুন করে কেন রেকর্ড করানো হবে? কিন্তু অমল ছিলেন নাছোড়বান্দা। তিনি ঠিক করেই নিয়েছিলেন যে, এই গানে তাঁর অরিজিতের গলাই চাই। শেষমেশ অমলের জোরাজুরিতে এবং গানের প্রতি ভালোবাসার টানে কয়েক মাস আগে অরিজিৎ গানটি রেকর্ড করতে রাজি হন।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







