best news portal development company in india

পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হতে পারেন কানাইয়ালাল আগরওয়াল, জোর জল্পনা রাজনৈতিক মহলে

SHARE:

পশ্চিমবঙ্গ বিধানসভার গুরুত্বপূর্ণ পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC)-র নতুন চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে চলা জল্পনার অবসান হতে চলেছে। বিধানসভা সূত্রে খবর, ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালের নামই চেয়ারম্যান পদে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে খুব শিগগিরই তাঁর হাতে এই গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্ব তুলে দেওয়া হতে পারে।

প্রথা অনুযায়ী, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদটি সাধারণত বিধানসভার প্রধান বিরোধী দলের কোনও বিধায়কের হাতেই থাকে। এবারও সেই রীতিই বজায় রাখা হতে পারে বলে সূত্রের খবর। অতীতেও এই পদ নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। কারণ, তৎকালীন বিরোধী দলের প্রতীকে নির্বাচিত হয়ে পরে শাসক দলে যোগ দেওয়া কয়েকজন বিধায়কও এই কমিটির চেয়ারম্যান হয়েছিলেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কানাইয়ালাল আগরওয়ালের সম্ভাব্য নিয়োগ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি বর্তমানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের বিধায়ক হিসেবে পরিচিত। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই সিদ্ধান্ত রাজ্যের বিরোধী রাজনীতির সমীকরণেও প্রভাব ফেলতে পারে।

কানাইয়ালাল আগরওয়ালের রাজনৈতিক জীবন দীর্ঘদিনের। তিনি একসময় ইসলামপুর পুরসভার চেয়ারম্যান ছিলেন। ২০১৬ সালে কংগ্রেসের প্রার্থী হিসেবে ইসলামপুর কেন্দ্র থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। পরে ২০১৭ সালে তৃণমূলে যোগ দেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর কাছে পরাজিত হন। বর্তমানে তাঁকে বিধানসভার অন্যতম গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান করার সম্ভাবনাই রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *