মধ্যপ্রাচ্যে সংঘাত কিছুটা প্রশমিত হওয়ার ইঙ্গিত মিললেও ফের উত্তেজনা বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে উদ্দেশ্য করে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন—হয় একটি নতুন চুক্তিতে আসতে হবে, নয়তো সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে ট্রাম্প ইরানের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে বলেন, তেহরানের সামনে এখন এই দু’টি পথই খোলা রয়েছে।
পোস্টে ট্রাম্প হরমুজ প্রণালী নিয়েও মন্তব্য করেন। তাঁর দাবি, ইরান এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণের দাবি করলেও বাস্তবে সেখানে মার্কিন নৌবাহিনীরই প্রাধান্য রয়েছে। তিনি আরও বলেন, হরমুজ প্রণালী দিয়ে কী ধরনের পণ্য বা জাহাজ চলাচল করবে, তা অনেকটাই যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। চুক্তি না হওয়া পর্যন্ত বা ইরান নতি স্বীকার না করা পর্যন্ত কঠোর অবস্থান বজায় থাকবে বলেও ইঙ্গিত দেন তিনি।
ট্রাম্পের এই মন্তব্যের জবাবে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনও আনুষ্ঠানিক আলোচনা চলছে না। তাঁর বক্তব্য, ওমানের মাধ্যমে কেবল হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌ-চলাচল সংক্রান্ত সীমিত যোগাযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি বাস্তবতার সঙ্গে মেলে না বলেও ইরানের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে।
ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর পশ্চিম এশিয়ার পরিস্থিতি আবারও আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। পর্যবেক্ষকদের মতে, কূটনৈতিক সমাধানের সম্ভাবনা থাকলেও উভয় পক্ষের কঠোর অবস্থান ভবিষ্যতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







