best news portal development company in india

মিড-ডে মিলে থাকছে ডিম, পুষ্টিকর খাবার নিশ্চিত করতে নতুন ঘোষণা রাজ্য সরকারের

SHARE:

রাজ্যের সরকারি স্কুলগুলিতে মিড-ডে মিল নিয়ে চলা বিতর্কের মাঝেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে তিনি জানান, ১ আগস্ট থেকে মিড-ডে মিলের খাবারের সঙ্গে পড়ুয়াদের আলাদা করে ডিমও দেওয়া হবে। তাঁর দাবি, শিশুদের সুষম ও প্রোটিনসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, এতদিন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে মিড-ডে মিলের বরাদ্দে বৈষম্য ছিল। আগে উচ্চ প্রাথমিক স্তরে মাথাপিছু ₹১০ বরাদ্দ থাকলেও প্রাথমিক স্তরে ছিল ₹৬.৭৮। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ আগস্ট থেকে প্রাথমিক স্তরেও মাথাপিছু ₹১০ বরাদ্দ করা হবে, যাতে সব স্তরের পড়ুয়ারা সমান মানের খাবার পায়।

একইসঙ্গে তিনি জানান, ১ আগস্ট থেকেই রাজ্যজুড়ে ইস্কন (ISKCON) মিড-ডে মিলের খাবার পরিবেশন করবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ইস্কনের তৈরি সাত্ত্বিক ও পুষ্টিকর খাবারের পাশাপাশি আলাদাভাবে ডিম সরবরাহ করা হবে, যাতে শিশুদের প্রয়োজনীয় প্রোটিনের ঘাটতি না থাকে।

উল্লেখ্য, রাজ্যে মিড-ডে মিল বিতরণের দায়িত্ব ইস্কনের হাতে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে বিতর্ক শুরু হয়েছিল। সমালোচকদের একাংশের আশঙ্কা ছিল, নিরামিষ খাবারের কারণে পড়ুয়াদের পুষ্টির চাহিদা পূরণে সমস্যা হতে পারে। সেই প্রেক্ষাপটেই ডিম সরবরাহের এই ঘোষণা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কলকাতার কয়েকটি স্কুলে পরীক্ষামূলকভাবে ইস্কনের মাধ্যমে মিড-ডে মিল পরিবেশন শুরু হয়েছিল। এবার সেই পরিষেবা রাজ্যের অন্যান্য জেলার সরকারি স্কুলেও চালু করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *